• facebook
  • twitter
Sunday, 15 March, 2026

শশী পাঁজার উপর হামলার জবাব কমিশনের

আদর্শ আচরণ বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি

ভোট ঘোষণার ঠিক আগের দিন শশী পাঁজার বাড়িতে হামলা হয়েছে। অভিযোগ, তাঁকে হত্যার চেষ্টা করা হয়েছে। ভোট ঘোষণা হওয়ার পর সাংবাদিক বৈঠকে জ্ঞানেশ কুমার জানিয়েছেন, ‘এ মুহূর্ত থেকে আর্দশ আচরণ বিধি কার্যকর হয়েছে। এ ধরনের ঘটনা পুনরায় ঘটলে নির্বাচনী কমিশন উপযুক্ত ব্যবস্থা নেবে।‘ তিনি আরও জানান, ডিপ ফেক ও অন্যান্য নির্বাচনী সন্ত্রাসমূলক কর্মকাণ্ড নিয়েও ব্যবস্থা নেওয়া হবে। নোডাল অফিসাররা যে কোনও অভিযোগ পাওয়া মাত্রই এফআইআর দায়ের এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

শনিবার সকালে ব্রিগেড ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা চলাকালীন এই হামলা সংঘটিত হয়। বিভিন্ন জেলার থেকে বিজেপি কর্মীরা বাসে কলকাতায় এসেছিলেন। গিরিশ পার্কে মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে ‘বয়কট বিজেপি’ ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ঘটনার সময় বাড়িতেই ছিলেন মন্ত্রী। ইটবৃষ্টির কারণে তিনিও আহত হন এবং বাড়ির জানলার কাচ ভেঙে যায়। শশী পাঁজা অভিযোগ করেন, ‘বহিরাগতরা ব্রিগেডে সভা করছে, তারপর বাস থেকে নেমে আমার বাড়ির সামনে ভাঙচুর চালিয়েছে। আমার ওপর আঘাত করার চেষ্টা করা হয়েছে।‘

Advertisement

গিরিশ পার্ক থানার পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। মামলায় খুনের চেষ্টা, সরকারি কর্মীদের মারধর, দাঙ্গা উস্কানি, ধারাল অস্ত্র নিয়ে হামলা, ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর এবং বেআইনি জমায়েতসহ একাধিক ধারায় অভিযোগ অন্তর্ভুক্ত করা হয়েছে। সিসিটিভি ফুটেজ যাচাই করে প্রথমে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে; সকলেই বিজেপি কর্মী। আদালত তাদের ১৯ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে নির্বাচন কমিশন সতর্ক করেছে যে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভোটের সময় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা এবং হিংসা প্রতিরোধ করা এখন প্রধান লক্ষ্য।

Advertisement

 

Advertisement