• facebook
  • twitter
Friday, 20 March, 2026

পাঁচ লক্ষ বাড়িতে পাইপে গ্যাস, কলকাতায় কাজ শুরু

পাইপ গ্যাস পরিষেবা প্রদানকারী সংস্থা বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড (বিজিসিএল)-এর সঙ্গে আলোচনায় বসে দ্রুত সমাধানের পথ খুঁজে বের করা হোক।

কলকাতায় বাড়ি বাড়ি পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ কবে শুরু হবে, এই প্রশ্নই উঠে এল কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে। শহরের একাধিক কাউন্সিলারের দাবি, আশপাশের বেশ কিছু পুর এলাকায় ইতিমধ্যেই এ ধরনের পরিষেবা চালুর সিদ্ধান্ত হয়েছে। সে ক্ষেত্রে শহর কলকাতা এখনও কেন পিছিয়ে, তা নিয়েই আলোচনা শুরু হয় সভায়।

অধিবেশনে ৯৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তপন দাশগুপ্ত বিষয়টি উত্থাপন করেন। তাঁর বক্তব্য, আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব ইতিমধ্যেই গ্যাসের বাজারে পড়েছে। ইরান, আমেরিকা ও ইজরায়েলের সংঘাতের জেরে সরবরাহে টান পড়েছে, বাড়ছে সিলিন্ডারের দামও। ফলে সাধারণ মানুষের উপর চাপ বাড়ছে। এই পরিস্থিতিতে দ্রুত পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের ব্যবস্থা করার দাবি জানান তিনি।

Advertisement

তপন দাশগুপ্ত পুর কর্তৃপক্ষকে পরামর্শ দেন, পাইপ গ্যাস পরিষেবা প্রদানকারী সংস্থা বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড (বিজিসিএল)-এর সঙ্গে আলোচনায় বসে দ্রুত সমাধানের পথ খুঁজে বের করা হোক। তাঁর মতে, এতে শহরবাসীর বড় অংশ উপকৃত হবে।

Advertisement

মেয়র ফিরহাদ হাকিম জানান, এই বিষয়ে ইতিমধ্যেই সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে কথা হয়েছে। যাদবপুর, টালিগঞ্জ ও কসবা এলাকায় পাইপলাইন বসানোর অনুমোদন দেওয়া হয়েছে এবং কাজও শুরু হয়েছে। তবে ঠিক কবে থেকে ওই এলাকাগুলিতে পাইপের মাধ্যমে গ্যাস সরবরাহ শুরু হবে, সে বিষয়ে এখনও সংস্থার তরফে নির্দিষ্ট সময় জানানো হয়নি।

পুরসভার একাধিক আধিকারিকের মতে, পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ শুরু হলে বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের খরচ কিছুটা হলেও কমবে। বিজিসিএল সূত্রে জানা গিয়েছে, আগামী পাঁচ বছরের মধ্যে কলকাতা, নিউ টাউন, রাজারহাট ও ভাঙড় মিলিয়ে প্রায় পাঁচ লক্ষ বাড়িতে পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাস পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় পরিকাঠামো তৈরির কাজ
শুরু হয়েছে।

Advertisement