বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে রাজ্যের মোট সাতটি রাজনৈতিক দল অংশ নেয়। তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিল ফরোয়ার্ড ব্লক, আম আদমি পার্টি এবং ন্যাশনাল পিপল্স পার্টির প্রতিনিধিরাও। নির্বাচনের প্রস্তুতি এবং ভোট সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয় বৈঠকে।
বৈঠক শেষে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলই শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনের পক্ষে মত প্রকাশ করেছে। রাজ্যে যাতে কোনও ধরনের অশান্তি বা সমাজবিরোধী কার্যকলাপ না ঘটে, সে জন্য কমিশনকে প্রয়োজনীয় কড়া পদক্ষেপ নেওয়ার আবেদনও জানিয়েছে দলগুলি।
Advertisement
নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বজায় রাখতে অধিক সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিও তোলা হয়েছে বৈঠকে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা মনে করেন, কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি থাকলে ভোটাররা আরও নির্ভয়ে ভোট দিতে পারবেন এবং নির্বাচন প্রক্রিয়াও আরও স্বচ্ছভাবে সম্পন্ন হবে।
Advertisement
এছাড়াও ভোটের দফা নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। একাধিক দল কমিশনের কাছে অনুরোধ জানিয়েছে, রাজ্যে যেন খুব বেশি দফায় নির্বাচন না করা হয়। তাঁদের প্রস্তাব, সম্ভব হলে এক দফা বা সর্বোচ্চ দুই দফায় ভোটগ্রহণ সম্পন্ন করা হোক।
বৈঠকে এসআইআর বা বিশেষ সংক্ষিপ্ত সংশোধন প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, অনেক রাজনৈতিক দল এই প্রক্রিয়ার প্রশংসা করেছে এবং কমিশনের উপর আস্থা প্রকাশ করেছে। তাঁদের মতে, ভোটার তালিকা আরও নির্ভুল ও হালনাগাদ করতে এই প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বৈঠকে উপস্থিত প্রতিনিধিদের আশ্বস্ত করে বলেন, সমস্ত আইন মেনেই নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হবে। কমিশন সব রাজনৈতিক দলের মতামত গুরুত্ব দিয়ে বিবেচনা করছে বলেও তিনি জানান।
এছাড়া ভোটার তালিকা সংক্রান্ত সংশোধনের সুযোগ এখনও রয়েছে বলেও কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। কোনও ভোটারের নাম তালিকা থেকে বাদ গেলে, নতুন নাম অন্তর্ভুক্ত করতে হলে বা তথ্য সংশোধনের প্রয়োজন হলে ৬, ৭ এবং ৮ নম্বর ফর্ম পূরণ করে আবেদন করা যাবে। কমিশনের দাবি, এই পুরো প্রক্রিয়াই নিরপেক্ষ ও নিয়ম মেনেই পরিচালিত হচ্ছে।
Advertisement



