• facebook
  • twitter
Tuesday, 10 March, 2026

নব্বই বছরের বৃদ্ধাকে বাড়িতে ঢুকে গণধর্ষণ

অভিযুক্তদের সম্পর্কে কোনও নির্ভরযোগ্য তথ্য দিলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলেও ঘোষণা করেছে পুলিশ

প্রতীকী চিত্র

মধ্যপ্রদেশের খান্ডোয়ায় নব্বই বছরের এক বৃদ্ধাকে গণধর্ষণ। চার জনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ উঠেছে। বৃদ্ধা বাড়িতে একাই থাকতেন বলে জানিয়েছে পুলিশ। আর তাঁর মেয়ে থাকেন পাশের গ্রামে। বৃহস্পতিবার রাতের ঘটনা। চার জন মুখ ঢেকে তাঁর বাড়িতে জোর করে ঢোকে। তারপর বৃদ্ধাকে গণধর্ষণ করে বলে অভিযোগ।

শুক্রবার বৃদ্ধা মেয়ে গোটা ঘটনা জানান। মেয়ে তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে মেডিক্যাল পরীক্ষা করান। হাসপাতাল থেকে পুলিশকে খবর দেওয়া হয়। চারজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। বৃদ্ধার চিকিৎসা চলছে। তবে তাঁর অবস্থা স্থিতিশীল।

Advertisement

ঘটনার পর থেকেই অভিযুক্তদের ধরতে তৎপর হয়ে উঠেছে পুলিশ। খান্ডোয়ার পুলিশ সুপার মনোজ রাই জানিয়েছেন, চার দুষ্কৃতীর খোঁজে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু হয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। পাশাপাশি তদন্তের কাজ দ্রুত এগিয়ে নিতে আরও তিনটি পৃথক পুলিশ দল তৈরি করা হয়েছে। এই দলগুলি বিভিন্ন সম্ভাব্য এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের সন্ধান করার চেষ্টা করছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হচ্ছে। অভিযুক্তদের সম্পর্কে কোনও নির্ভরযোগ্য তথ্য দিলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলেও ঘোষণা করেছে পুলিশ প্রশাসন।

বৃদ্ধা পুলিশকে জানিয়েছেন, বৃহস্পতিবার মধ্যরাতে দুষ্কৃতীরা তাঁর ঘরে জোর করে ঢুকে পড়ে। তার পর তাঁকে গণধর্ষণ করা হয়। পুলিশ জানিয়েছে, নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়েছে। তবে এই ঘটনা প্রকাশ্যে আসতেই অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জোরালো হয়েছে।

Advertisement