• facebook
  • twitter
Wednesday, 4 March, 2026

দোলে কড়া নজরদারি, বেপরোয়া আচরণের জন্য গ্রেপ্তার ৩৩০, বাজেয়াপ্ত ২৫ লিটার মদ

লালবাজার সূত্রে খবর, শহরের ১০টি ডিভিশন জুড়েই গ্রেপ্তারির ঘটনা ঘটেছে

প্রতীকী চিত্র

দোল উপলক্ষে এই বছর শহর জুড়ে নজিরবিহীন নিরাপত্তা বলয় গড়ে তুলেছে কলকাতা পুলিশ।আগাম সতর্কতা ও কঠোর নজরদারির জেরে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে দাবি পুলিশের। তবে অভব্য আচরণ এবং মদ্যপ অবস্থায় প্রকাশ্যে ঘোরাফেরার অভিযোগে মোট ৩৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি বিভিন্ন এলাকায় অভিযান  চালিয়ে ২৫ লিটার মদও বাজেয়াপ্ত করা হয়েছে।

লালবাজার সূত্রে খবর, শহরের ১০টি ডিভিশন জুড়েই গ্রেপ্তারির ঘটনা ঘটেছে।সম্ভাব্য স্পর্শকাতর অঞ্চল চিহ্নিত করে মোট ৩৯৮টি পুলিশ পিকেট বসানো হয়। এর মধ্যে খান্না মোড়, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ও শ্যামবাজার-সহ ৮৬টি জায়গায় বিশেষ পিকেট মোতায়েন করা হয়েছিল। প্রতিটি বিশেষ পিকেটে ছ’জন করে পুলিশকর্মী দায়িত্বে ছিলেন। বাকি ৩১২টি পিকেটে তিন জন করে পুলিশকর্মী নজরদারি চালান।

Advertisement

পিকেটের পাশাপাশি মোটরবাইক টহলদারি এবং পিসিআর ভ্যানের টহলদারিও জোরদার করা হয়।অতীতের অভিজ্ঞতায় দেখা গিয়েছে, দোলের দিনে বেপরোয়া ও মদ্যপ গাড়িচালকদের অসতর্কতার কারণে বড় দুর্ঘটনা ঘটেছে। সেই কারণেই এই বছর আগে থেকে নির্দেশিকা জারি করে সতর্কতামূলক ব্যবস্থা নেয় লালবাজার।

Advertisement

উৎসবের আগে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সুস্থিত রাখতে বিশেষ নির্দেশিকা জারি করেছিল পশ্চিমবঙ্গ পুলিশও । অতিরিক্ত বাহিনী মোতায়েন ও কঠোর নজরদারির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পুলিশের দাবি, এই সমন্বিত তৎপরতার ফলেই এই বছরের দোল উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং বড় কোনও অপ্রীতিকর  ঘটনার খবর পাওয়া যায়নি।

Advertisement