• facebook
  • twitter
Wednesday, 25 February, 2026

নতুন ঠিকানায় উলুবেড়িয়া থানা

নতুন ত্রিতল ভবনটি বিস্তীর্ণ জায়গাজুড়ে নির্মিত। ভবনের একাংশে রয়েছে পুলিশকর্মীদের ব্যারাক, অন্য অংশে প্রশাসনিক দপ্তর।

ঠিকানা বদলাচ্ছে উলুবেড়িয়া থানার। চলতি মাসের ২৬ তারিখ থেকে থানা স্থানান্তরিত হয়ে যাবে ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে নরেন্দ্রমোড় চেকপোস্টের কাছে। নতুন ভবনটি উলুবেড়িয়া দমকল অফিসের পিছনে অবস্থিত। আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই সেখানে প্রশাসনিক কাজকর্ম শুরু হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

নতুন ত্রিতল ভবনটি বিস্তীর্ণ জায়গাজুড়ে নির্মিত। ভবনের একাংশে রয়েছে পুলিশকর্মীদের ব্যারাক, অন্য অংশে প্রশাসনিক দপ্তর। অধিকাংশ নির্মাণকাজ শেষ হলেও মূল গেট পর্যন্ত কিছু পরিকাঠামোগত কাজ এখনও বাকি। ইতিমধ্যে ব্যারাকে র‍্যাফ ও অন্যান্য পুলিশ সদস্যরা উঠে গিয়েছেন। জাতীয় পতাকাও উত্তোলন করা হয়েছে; বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা হবে।

Advertisement

নরেন্দ্রমোড় এলাকা ধীরে ধীরে গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্রে পরিণত হচ্ছে। নতুন থানার সামনে ফায়ার ব্রিগেড অফিস, পাশেই মহকুমা খাদ্য দপ্তর। বিপরীতে রয়েছে বিদ্যুৎ দপ্তরের ডিভিশনাল অফিস, জীবনবিমা কার্যালয় ও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। উল্লেখ্য, আগে উলুবেড়িয়া থানার এলাকা ছিল অনেক বড়। পরে প্রশাসনিক পুনর্বিন্যাসের ফলে নতুন থানা গড়ে ওঠে এবং থানাগুলির পদমর্যাদাও উন্নীত হয়। সাম্প্রতিক বছরগুলিতে হাওড়া গ্রামীণ জেলায় একাধিক থানার কাঠামোগত পরিবর্তন হয়েছে।

Advertisement

Advertisement