• facebook
  • twitter
Monday, 23 February, 2026

সেনাবাহিনীতে রদবদল করলেন তারেক রহমান

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছে, পুলিশ প্রশাসনের শীর্ষস্তরে কিছু মুখ বদল হবে

বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে গুরুত্বপূর্ণ রদবদল করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খুব শিগগিরই বাংলাদেশ পুলিশের উচ্চপদেও পরিবর্তন আসতে পারে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছে, পুলিশ প্রশাসনের শীর্ষস্তরে কিছু মুখ বদল হবে, যদিও কার্যকর হওয়ার নির্দিষ্ট সময় এখনও ঘোষণা করা হয়নি।
তিনি আরও জানান, আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু হওয়ার কথা। সাংবিধানিক নিয়ম অনুযায়ী, অধিবেশনের অন্তত ১৫ দিন আগে রাষ্ট্রপতির নামে বিজ্ঞপ্তি জারি করতে হয়। প্রথম অধিবেশনের কার্যসূচি এখনও চূড়ান্ত হয়নি, তবে নতুন সরকারের নীতিপ্রকাশ ওই অধিবেশনেই হতে পারে বলে মনে করা হচ্ছে।
সেনাবাহিনীর রদবদলের ক্ষেত্রে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে চিফ অব জেনারেল স্টাফ পদে নিয়োগ দেওয়া হয়েছে। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান।
এছাড়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ৫৫ পদাতিক ডিভিশন থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে বদলি করা হয়েছে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসানকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই রদবদলকে প্রশাসনিক পুনর্গঠন ও কৌশলগত পুনর্বিন্যাসের অংশ হিসেবেই দেখা হচ্ছে।

Advertisement

Advertisement