পূর্ব মহারাষ্ট্রের গড়চিরোলি জেলায় টানা তিন দিন ধরে চলা যৌথ অভিযানে শীর্ষস্থানীয় এক মাওবাদী নেতাসহ মোট সাতজন মাওবাদী নিহত হয়েছে। মহারাষ্ট্র পুলিশ ও সিআরপিএফের এই অভিযানে শহিদ হয়েছেন এক জওয়ান, আহত আরও একজন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে ৩ ফেব্রুয়ারি রাতে নারায়ণপুর–গড়চিরোলি সীমান্তবর্তী ফোদেওয়াদা গ্রামের জঙ্গল এলাকায় অভিযান শুরু করে গড়চিরোলি পুলিশের বিশেষ মাওবাদী দমন বাহিনী সি-৬০–এর ১৪টি ইউনিট। ছত্তিশগড় দিক থেকে আসা মাওবাদীদের ১০ নম্বর কোম্পানির গতিবিধি বেড়েছে—এমন খবরের পরই এই অভিযান চালানো হয়।
Advertisement
অভিযান চলাকালীন বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাওবাদীরা গুলি চালাতে শুরু করে। জওয়ানদের পালটা গুলিতে শুরু হয় তীব্র সংঘর্ষ। এই গুলির লড়াইয়েই নিহত হন মাওবাদীদের শীর্ষ কমান্ডার প্রভাকর ওরফে লোকেটি চন্দ্র রাও। তেলেঙ্গানার কামারেড্ডি জেলার বাসিন্দা প্রভাকর গডচিরোলি ডিভিশন কমিটি, পশ্চিম সাব-জোনাল ব্যুরো এবং ‘কোম্পানি নম্বর ১০’-এর দায়িত্বে ছিলেন। তাঁর মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা।
Advertisement
বৃহস্পতিবার রাতে তিনজন এবং শুক্রবার আরও চারজন মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে চারজন পুরুষ ও তিনজন মহিলা। ঘটনাস্থল থেকে তিনটি একে-৪৭ রাইফেল উদ্ধার হয়েছে। তবে প্রভাকর ছাড়া বাকি মৃতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
সংঘর্ষে সি-৬০ বাহিনীর জওয়ান দীপক চিন্না মাডভি (৩৮) শহিদ হন। আহত জওয়ান যোগা মাদভির চিকিৎসা চলছে, তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।
Advertisement



