রাজস্থানের কোটা শহরে একটি তিনতলা রেস্তোরাঁ ধসে পড়ে পশ্চিমবঙ্গের এক বাসিন্দাসহ দু’জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছেন। শনিবার রাতে তালওয়ান্দি এলাকায় ঘটনাটি ঘটে। নিহতদের নাম আরিয়ান (২০) ও লক্ষ্মণ (১৫)। আরিয়ান পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং কোচিং পড়ার জন্য কোটা গিয়েছিলেন বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, শনিবার রাত আনুমানিক ৯টা নাগাদ হঠাৎ বিকট শব্দ করে তিনতলা রেস্তোরাঁটি ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন বহু মানুষ, যাঁদের অধিকাংশই পড়ুয়া। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও এসডিআরএফ-এর দল। স্থানীয় বাসিন্দাদের সাহায্যে শুরু হয় উদ্ধারকাজ।
Advertisement
আহতদের উদ্ধার করে কোটা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঘটনার সময় ভবনের ভেতরে কিছু গ্রাহক ও প্রায় ১২ থেকে ১৫ জন রেস্তোরাঁ কর্মী উপস্থিত ছিলেন।
Advertisement
জেলা কালেক্টর পীযূষ সামারিয়া জানান, যে ভবনটি ধসে পড়েছে তার পিছনের দিকে কয়েকদিন ধরেই নির্মাণকাজ চলছিল। ড্রিল মেশিন ব্যবহার করে কাজ হওয়ায় ভবনের কাঠামো দুর্বল হয়ে পড়ে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান। এর জেরেই রেস্তোরাঁ-সহ পুরো ভবনটি ভেঙে পড়ে।
এক প্রত্যক্ষদর্শীর কথায়, ‘হঠাৎ জোরে আওয়াজ শুনে ছুটে এসে দেখি ভবনটি ধসে পড়েছে। ভেতর থেকে ‘আমাকে বাঁচাও’ বলে চিৎকার শোনা যাচ্ছিল।‘ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।
Advertisement



