• facebook
  • twitter
Sunday, 8 February, 2026

রাশিয়ায় ছুরিকাহত ৪ ভারতীয় পড়ুয়া, হামলাকারী নাৎসি গোষ্ঠীর সদস্য

কিশোরটি নব্য নাৎসি গোষ্ঠী ‘ন্যাশনাল সোশালিজম/ হোয়াইট পাওয়ার’-এর সদস্য

রাশিয়ায় আক্রান্ত ৪ ভারতীয় পড়ুয়া। হামলাকারীকে আটকাতে গিয়ে জখম হয়েছেন দুই পুলিশকর্মীও। চারজন ভারতীয় পড়ুয়াই রুশ মেডিক্যাল কলেজের। পড়ুয়াদের উপর ছুরি দিয়ে হামলা করা হয়। একজন পড়ুয়ার শারীরিক অবস্থা গুরুতর বলে খবর। এক ১৫ বছরের কিশোর হামলা চালিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। কিশোরটি নব্য নাৎসি গোষ্ঠী ‘ন্যাশনাল সোশালিজম/ হোয়াইট পাওয়ার’-এর সদস্য। ২০২১ সালে রুশ সুপ্রিম কোর্ট এই গোষ্ঠীকে জঙ্গির তকমা দেয়।

রাশিয়ার স্টেট মেডিক্যাল ইউনিভার্সিটির হস্টেলে হামলা চালানো হয় বলে খবর। ওই হস্টেলে শুধুমাত্র বিদেশি পড়ুয়াই পড়ে। হস্টেলের ভিতরে আচমকা ঢুকে পড়ে ওই নাবালক। মুখে ছিল নাৎসি স্লোগান। এমনকী দেওয়ালে আক্রান্তের রক্ত দিয়ে স্বস্তিকা চিহ্নও সে এঁকে দেয়। ঘটনাস্থলে রক্তধারার  দৃশ্য দেখে প্রত্যক্ষদর্শীরা ভয়ংকর বলে দাবি করেছেন।

Advertisement

রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, অভিযুক্ত কিশোর হস্টেলে আচমকা ঢুকে পড়ে। এরপর বেশ কয়েকজন পড়ুয়াকে ছুরি দিয়ে হামলা চালায়। গ্রেপ্তারের সময় নাবালক পুলিশকে বাধা দেয় বলেও জানা গিয়েছে। পড়ুয়া ছাড়া দু’জন পুলিশ কর্মীকেও ছুরি দিয়ে আঘাত করে ওই কিশোর। অভিযুক্ত নিজের শরীরেও আঘাত করে বলে খবর। সমাজমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে।

Advertisement

সেই ভিডিওয় দেখা গিয়েছে, বরফে ঢাকা চারপাশ। পুলিশের হাতে বন্দি অভিযুক্ত। অভিযুক্ত নাবালককে চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হচ্ছে। আহত ভারতীয় পড়ুয়াদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। বাকি তিনজনের অবস্থা স্থিতিশীল।  হামলাকারীও হাসপাতালে ভর্তি। স্থানীয় এক শিশু হাসপাতালে সে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থাও গুরুতর।

 

Advertisement