• facebook
  • twitter
  • youtube
Saturday, 6 June, 2026

উড়ানের আগে এয়ার ইন্ডিয়ার পাইলটের মুখে ‘মদের গন্ধ’

শেষ মুহূর্তে বিমান থেকে নামানো হল

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভ্যাঙ্কুভার বিমানবন্দরে উড়ানের ঠিক আগের মুহূর্তে বড় বিপত্তি এড়ানো গেল। ‘মদের গন্ধ’ আসছিল এক পাইলটের মুখ থেকে। এই সন্দেহের জেরেই তাঁকে সঙ্গে সঙ্গে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে এয়ার ইন্ডিয়ার ভ্যাঙ্কুভার-দিল্লি রুটের একটি বিমানে। ডিসেম্বরের শেষের দিকের এই ঘটনা সম্প্রতি প্রকাশ্যে এসেছে।

গত ২৩ ডিসেম্বর ভ্যাঙ্কুভার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল এয়ার ইন্ডিয়ার এআই১৮৬ বিমানটি। ঠিক সেই সময় শুল্কহীন দোকানের সামনে ওই পাইলটকে ঘোরাঘুরি করতে দেখেন দোকানের এক কর্মী। পাইলটের আচরণ ও মুখ থেকে আসা গন্ধে তাঁর সন্দেহ হয়। বিষয়টি সঙ্গে সঙ্গে কানাডার বিমানবন্দর কর্তৃপক্ষকে জানানো হয়।

খবর পেয়ে কানাডার কর্তৃপক্ষ ব্রিদ অ্যানালাইজার যন্ত্রের মাধ্যমে পাইলটের অ্যালকোহল পরীক্ষা করে। সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হতে পারেননি বলে সূত্রের খবর। এরপরই নিরাপত্তার স্বার্থে তাঁকে ককপিট থেকে সরিয়ে দেওয়া হয় এবং আরও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এর ফলে নির্ধারিত সময়ের তুলনায় কিছুটা দেরিতে দিল্লির উদ্দেশে রওনা দেয় বিমানটি।

ঘটনাটি নিয়ে এয়ার ইন্ডিয়া একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে জানানো হয়েছে, উড়ানের আগে এক পাইলট দায়িত্ব পালনের উপযুক্ত অবস্থায় আছেন কিনা, তা নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় তাঁকে নামিয়ে দেওয়া হয়। যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিকল্প পাইলটের ব্যবস্থা করা হয়। সংস্থার দাবি, এই ঘটনায় যাত্রীদের নিরাপত্তা কোনওভাবেই বিঘ্নিত হয়নি।