• facebook
  • twitter
  • youtube
Friday, 27 November, 2026

অশান্ত বাংলাদেশ থেকে মুখ ফেরাচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলো: ২,৩৫০ কোটি টাকার বরাত সরল বিদেশে, সবচেয়ে লাভবান ভারত

শ্রমিক বিক্ষোভ ও রাজনৈতিক অস্থিরতায় বাংলাদেশ থেকে ২৫৪ মিলিয়ন ডলারের পোশাকের বরাত সরাল জারা, এইচ অ্যান্ড এম ও এম অ্যান্ড এস। সবচেয়ে বড় সুবিধা পেল ভারত, চাঙ্গা টেক্সটাইল শেয়ার।

অশান্ত বাংলাদেশ থেকে মুখ ফেরাচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলো: ২,৩৫০ কোটি টাকার বরাত সরল বিদেশে, সবচেয়ে লাভবান ভারত

Garment Worker Protest In Gazipur, Bangladesh (Image: X/@thandojo)

লাগাতার শ্রমিক অসন্তোষ, ক্রমবর্ধমান উৎপাদন ব্যয়, জ্বালানি সঙ্কট এবং সময়মতো পণ্য সরবরাহে ব্যর্থতার জেরে বড়সড় ধাক্কা খেল বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে পরিচিত পোশাক শিল্প (Ready-Made Garments)। জারা (Zara), এইচ অ্যান্ড এম (H&M), মার্কস অ্যান্ড স্পেন্সার (Marks & Spencer) এবং সেলিয়োর (Celio) মতো বিশ্বের প্রথম সারির ফ্যাশন সংস্থাগুলি অশান্ত বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লক্ষ মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ২,৩৫০ কোটি টাকা মূল্যের পোশাকের বরাত অন্য দেশে সরিয়ে নিয়েছে। আর বাংলাদেশের এই চরম সঙ্কটে সবচেয়ে বড় সুবিধাভোগী হিসেবে উঠে এসেছে ভারত। সংবাদ সংস্থা রয়টার্স-এর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শুধুমাত্র ১ থেকে ১৮ নভেম্বর, এই আড়াই সপ্তাহেই বিপুল অঙ্কের বরাত হাতছাড়া হয়েছে ঢাকার, যা বাংলাদেশের মাসিক পোশাক রপ্তানির প্রায় ১০ শতাংশের সমান।

ভারতের বস্ত্রশিল্পে পোয়াবারো

বাংলাদেশের কয়েকটি পোশাক কারখানার মালিককে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, আন্তর্জাতিক ক্রেতারা সরবরাহ শৃঙ্খলের (supply chain) ঝুঁকি কমাতে দ্রুত বিকল্প উৎপাদন কেন্দ্রের দিকে ঝুঁকছেন। বাংলাদেশ থেকে সরে যাওয়া বরাতের সিংহভাগই গিয়েছে ভারতের ঝুলিতে। পাশাপাশি ভিয়েতনাম, কম্বোডিয়া এবং ইন্দোনেশিয়াও বেশ কিছু নতুন বরাত পেয়েছে।

এই খবর প্রকাশ্যে আসতেই ভারতের শেয়ার বাজারে বস্ত্র ও পোশাক প্রস্তুতকারক সংস্থাগুলির (textile stocks) দর এক লাফে অনেকটা বেড়ে গিয়েছে। গোকুলদাস এক্সপোর্টসের (Gokaldas Exports) শেয়ার দর প্রায় ১১ শতাংশ এবং ট্রাইডেন্টের (Trident) শেয়ার প্রায় ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ ছাড়াও ওয়েলস্পান লিভিং (Welspun Living), কেপিআর মিল (KPR Mill) এবং বর্ধমান টেক্সটাইলসের (Vardhman Textiles) মতো সম্ভাব্য লাভবান সংস্থাগুলির শেয়ারেও প্রায় ২ শতাংশ করে উত্থান দেখা গিয়েছে।

সময়মতো সরবরাহে এগিয়ে ভারত

চিনের পরেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ। প্রায় ৪০ বিলিয়ন ডলারের এই শিল্পে ৪০ লক্ষেরও বেশি মানুষ কাজ করেন। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি, জিডিপি-র প্রায় ১০ শতাংশ এবং উৎপাদন ক্ষেত্রের প্রায় ৪০ শতাংশ কর্মসংস্থান আসে এই এক খাত থেকেই। কিন্তু ‘বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন’-এর (BGMEA) হিসাব অনুযায়ী, সাম্প্রতিক বিক্ষোভ ও কারখানা বন্ধ থাকার জেরে ইতিমধ্যেই উৎপাদন ক্ষতির পরিমাণ ৪০ কোটি ডলার (৪০০ মিলিয়ন ডলার) ছাড়িয়ে গিয়েছে।

বিজিএমইএ-র ডিরেক্টর এম মহিউদ্দিন চৌধুরী জানিয়েছেন, মজুরি বৃদ্ধি, বিদ্যুৎ-জ্বালানির খরচ এবং কাঁচামালের চড়া দাম কারখানা মালিকদের ওপর তীব্র আর্থিক চাপ তৈরি করছে। তার ওপর বড় মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে পণ্য সরবরাহের সময়সীমা (delivery timelines)। তাঁর কথায়, ভারত-সহ প্রতিদ্বন্দ্বী উৎপাদন কেন্দ্রগুলি যেখানে ৬০ থেকে ৯০ দিনের মধ্যে পোশাক তৈরি করে সরবরাহ করতে পারে, সেখানে বাংলাদেশের ক্ষেত্রে সময় লাগছে প্রায় ১২০ দিন। অন্য দিকে, ‘অ্যাল্পস অ্যাপারেলস গ্রুপ’-এর (Alps Apparels Group) ম্যানেজিং ডিরেক্টর খান মনিরুল আলম জানিয়েছেন, অশান্তির কারণে ১ নভেম্বর থেকেই তাঁর অধিকাংশ বিদেশি ক্রেতা নতুন বরাত দেওয়া বন্ধ করে দিয়েছেন। বেশ কিছু বরাত অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে, কিছু স্থগিত বা বাতিল করা হয়েছে।

মজুরি বাড়িয়েও কেন থামছে না অশান্তি

অক্টোবরের দ্বিতীয়ার্ধ থেকেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া দাম এবং মূল্যবৃদ্ধির (inflation) সঙ্গে পাল্লা দিতে ন্যূনতম মাসিক মজুরি ১২,৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০,০০০ টাকা করার দাবিতে আন্দোলনে নামেন পোশাক শ্রমিকেরা। ৩১ অক্টোবর থেকে সেই বিক্ষোভ ভয়াবহ আকার নেয় ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, আশুলিয়া এবং মিরপুরের মতো প্রধান শিল্পাঞ্চলগুলিতে। কারখানা ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগ এবং মহাসড়ক অবরোধের জেরে পাঁচশোরও বেশি কারখানা বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ, কর্মহীন হয়ে পড়েন লক্ষ লক্ষ শ্রমিক। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সামনে এই মুদ্রাস্ফীতি ও শ্রমিক অসন্তোষ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে শেখ হাসিনা সরকারের আমলে ন্যূনতম মজুরি ৮,০০০ টাকা থেকে ৫০ শতাংশের বেশি বাড়িয়ে ১২,৫০০ টাকা করা হয়েছিল। পরে ২০২৫ সালের জানুয়ারিতে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার মূল ন্যূনতম মজুরি না বদলে বার্ষিক বেতন বৃদ্ধির হার (increment) ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৯ শতাংশ করেছিল। সাম্প্রতিক বিক্ষোভ সামাল দিতে গত ১ নভেম্বর ছয় সদস্যের ‘ন্যূনতম মজুরি বোর্ড’ (Minimum Wage Board) গঠন করে বাংলাদেশ সরকার। কয়েক সপ্তাহের আলোচনার পর গত ২৫ নভেম্বর ৪-২ ভোটে বোর্ড ৩৬ শতাংশ মজুরি বাড়িয়ে ১২,৫০০ টাকা থেকে ১৭,০০০ টাকা করার সিদ্ধান্তে অনুমোদন দেয়।

কিন্তু রয়টার্সের তথ্য অনুযায়ী, গত চার দশকের মধ্যে শতকরা হিসাবে এটিই সবচেয়ে কম মজুরি বৃদ্ধি এবং শ্রমিকদের সংশোধিত ১৮,০০০ টাকার দাবির চেয়েও তা কম। ফলে নতুন মজুরি ঘোষণার পরেও অসন্তোষ কমেনি। গাজীপুরে মহাসড়ক অবরোধকারী শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়তে হয়েছে পুলিশকে।

স্থায়ী ক্ষতির আশঙ্কা

শ্রমিক অসন্তোষের পাশাপাশি বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিও বিদেশি ক্রেতাদের উদ্বেগ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আগামী ১৬ ডিসেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা ঘিরে ইতিমধ্যেই বাংলাদেশ জুড়ে নাশকতা, অগ্নিসংযোগ এবং হিংসাত্মক ঘটনা বাড়ছে। এই অবস্থায় বাংলাদেশের পোশাক শিল্পের কর্তাদের আশঙ্কা, দ্রুত অস্থিরতা কাটিয়ে বিদেশি ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনতে না পারলে জারা বা এইচ অ্যান্ড এম-এর মতো সংস্থাগুলির এই সাময়িক মুখ ফেরানো অচিরেই স্থায়ী সিদ্ধান্তে বদলে যেতে পারে এবং যার দীর্ঘমেয়াদি সুফল ঘরে তুলবে ভারতের বস্ত্রশিল্প।