ফের প্রাক্তন অধিনায়কের উপরই ভরসা রাখল মুম্বই ইন্ডিয়ান্স। ২০২৭ আইপিএলে দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। হার্দিক পাণ্ডিয়া পঞ্জাব কিংসে চলে যাওয়ার পর পাঁচ বারের চ্যাম্পিয়নদের অধিনায়কত্বের দায়িত্ব ফিরল রোহিতের হাতে। তিন বছর পর আবার মুম্বইয়ের অধিনায়ক হিসাবে দেখা যাবে তাঁকে।
শুক্রবার রোহিতকে অধিনায়ক করার কথা ঘোষণা করেছে মুম্বই ইন্ডিয়ান্স। ২০২৭-এর আইপিএলে দলের ২০তম মরসুম। সেই বিশেষ মরসুমে দলের হাল ধরতে চলেছেন মুম্বইয়ের সবচেয়ে সফল অধিনায়ক।
২০১৩ সালে প্রথম বার মুম্বইয়ের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছিলেন রোহিত। তার পর ১১ মরসুমে পাঁচ বার দলকে আইপিএল চ্যাম্পিয়ন করেছেন তিনি। ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালে তাঁর নেতৃত্বেই ট্রফি জিতেছিল মুম্বই। আইপিএলের ইতিহাসে পাঁচটি ট্রফি জিতে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে যুগ্ম ভাবে সবচেয়ে সফল অধিনায়ক হওয়ার কৃতিত্ব অর্জন করেন রোহিত।
Smile, everybody smile 💙 #MumbaiIndians #CaptainRo https://t.co/YUqYZTQxu9
— Mumbai Indians (@mipaltan) November 27, 2026
২০২৩ সালের পরে মুম্বইয়ের নেতৃত্ব ছেড়ে দিতে হয় তাঁকে। ২০২৪-এ হার্দিক পাণ্ডিয়াকে গুজরাত টাইটান্স থেকে দলে নিয়ে অধিনায়ক করা হয়েছিল। সেই সিদ্ধান্ত ঘিরে বিতর্কও কম হয়নি। হার্দিকের নেতৃত্বে প্রথম মরসুমে পয়েন্ট তালিকার একেবারে নীচে শেষ করে মুম্বই। ২০২৫-এ প্লে-অফে উঠলেও ২০২৬-এ ফের ন’নম্বরে থেকে শেষ করে তারা।
চলতি মাসেই হার্দিককে পঞ্জাব কিংসে পাঠিয়ে দেয় মুম্বই। তাঁর বদলে বাঁহাতি পেসার অর্শদীপ সিং-কে দলে নেয় পাঁচ বারের চ্যাম্পিয়নরা। হার্দিকের বিদায়ের পর কে দলের অধিনায়ক হবেন, তা নিয়ে জল্পনা চলছিল। সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরা এবং রোহিতের নাম উঠে আসে আলোচনায়। শেষ পর্যন্ত রোহিতের অভিজ্ঞতার উপরেই আস্থা রাখল মুম্বই। ২০২৭-এর আইপিএলে অধিনায়কত্বের দায়িত্বে ফিরছেন তিনি।
অধিনায়কত্বে ফেরার পরে রোহিত বলেন, ‘মুম্বই ইন্ডিয়ান্স আমার জীবনের একটা বড় অংশ। এই দলকে নেতৃত্ব দেওয়া সব সময়ই আমার কাছে অত্যন্ত গর্বের। আগামী মরসুম নিয়ে নীতা ভাবি ও আকাশের (অম্বানি) সঙ্গে আলোচনা খুবই উৎসাহজনক হয়েছে’।
তিনি আরও বলেন, ‘আসন্ন মরসুমের জন্য আমি তৈরি। সামনে যে চ্যালেঞ্জগুলি রয়েছে, সেগুলির জন্যও প্রস্তুত। আমাদের সমর্থকদের আরও অনেক আনন্দের মুহূর্ত উপহার দিতে চাই। আমাদের ভাল ক্রিকেট খেলতে হবে, একসঙ্গে লড়তে হবে এবং খেলাটা উপভোগ করতে হবে’।
আগামী আইপিএলে মুম্বইয়ের লক্ষ্য ছ’বছরের ট্রফির খরা কাটানো। শেষ বার ২০২০-তে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল তারা। রোহিতের প্রত্যাবর্তনে সেই সাফল্য ফেরানোর স্বপ্ন দেখছে মুম্বই।
দেখুন:




