• facebook
  • twitter
  • youtube
Sunday, 14 June, 2026

ডুবন্ত জাহাজ থেকে ১৪ জন ভারতীয়কে উদ্ধার মার্কিন নৌসেনার

মার্কিন নৌসেনা ও ওমান উপকূল কর্তৃপক্ষ ভারতীয় নৌসেনাদের সতর্ক করে।

ফের খবরের শিরোনামে ওমান উপকূল। তবে এবার মার্কিন হামলা নয়। বরং ভারতীয় নৌসেনাকে সাহায্যের হাত বাড়াল মার্কিন নৌসেনা। সূত্রের খবর, রবিবার ভারতের পতাকাবাহী ডুবন্ত একটি জাহাজ থেকে ১৪ জন ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছে। সকলেই নিরাপদে রয়েছে বলে জানা গিয়েছে।

ওমানের ভারতীয় দূতাবাস জানিয়েছে, ভারতীয় ওই জাহাজটির নাম ‘বিরাট ১’। রবিবার সকালে ওই জাহাজটির ইঞ্জিন হঠাৎই বিকল হয়ে যায়। সেই সময়ে ভারতীয় জাহাজটি রাস অল হাড থেকে ৮০ নটিক্যাল মাইল দূরে ডুবে যাচ্ছিল। জায়গাটি ওমান উপকূলের কাছে। সেই দৃশ্য দেখে মার্কিন নৌসেনা ও ওমান উপকূল কর্তৃপক্ষ ভারতীয় নৌসেনাদের সতর্ক করে।

জানা গিয়েছে, লাইফবোট নামিয়ে তৎক্ষণাত ডুবন্ত জাহাজ থেকে ১৪ জন ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়। এরপরে তাঁদের নৌকায় করে উপকূলে নিয়ে আসা হয়। তবে এখনও পর্যন্ত উদ্ধারকাজ চলছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, কয়েকদিন আগে ওমান উপকূলের কাছে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছিল মার্কিন সেনাবাহিনী। সেই ঘটনার পরে ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। গোটা ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি সরাসরি মার্কো রুবিওর সঙ্গে ফোনে কথা বলে ভারতের তীব্র আপত্তির কথা জানান।

এই বিষয়ে জয়শঙ্কর একটি পোস্টে বলেন, ‘মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছি। মার্কিন নৌবাহিনীর হামলায় তিনজন ভারতীয় নাবিকের নিহত হওয়ার ঘটনায় আমি তীব্র নিন্দা জানাচ্ছি।’ কিন্তু জয়শঙ্করের সেই পোস্ট আমেরিকা ভালোভাবে নেয়নি। মার্কো রুবিও এস জয়শঙ্করকে সাফ জানিয়েছেন, জলপথে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্যই আমেরিকান সেনাবাহিনী অবরোধ জারি করেছে। ইরানি তেলের অবৈধ পরিবহণ ও হরমুজ় প্রণালীতে অবরোধ লঙ্ঘন কোনওভাবেই মেনে নেওয়া হবে না।

এহেন পরিস্থিতির মধ্যে রবিবার মার্কিন নৌসেনা যেভাবে সাহায্যের হাত বাড়াল তাতে দু’দেশের সম্পর্কে কি কোনও পরিবর্তন ঘটবে? না কি তোপ পাল্টা তোপের পর্ব চলবে? এখন সেটাই দেখার।