• facebook
  • twitter
  • youtube
Wednesday, 1 July, 2026

মস্কোর কাছে ৫০০-র বেশি ড্রোন হামলা ইউক্রেনের, মৃত্যু এক ভারতীয়র

রুশ প্রতিরক্ষা মন্ত্রকের বক্তব্য অনুযায়ী, মোট ৫৫৬টি ড্রোন বিভিন্ন এলাকা লক্ষ্য করে পাঠানো হয়েছিল

মস্কোর কাছে ৫০০-র বেশি ড্রোন হামলা ইউক্রেনের,  মৃত্যু এক ভারতীয়র

রাশিয়ার উপর ফের ড্রোন হামলা চালাল ইউক্রেন। রুশ সরকারি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার গভীর রাত থেকে রাজধানী মস্কোকে লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে জেলেনস্কির দেশ। রাশিয়ার দাবি, এটি গত এক বছরে মস্কোর উপর সবচেয়ে বড় ড্রোন হামলা। পাল্টা সক্রিয় হয় রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বহু ড্রোন গুলি করে নামানো হয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রকের বক্তব্য অনুযায়ী, মোট ৫৫৬টি ড্রোন বিভিন্ন এলাকা লক্ষ্য করে পাঠানো হয়েছিল। তবে মস্কোর মেয়রের দাবি, অন্তত ১২০টি ড্রোন ধ্বংস করেছে রুশ বায়ু প্রতিরক্ষা বাহিনী। হামলার জেরে রাজধানী ও তার সংলগ্ন একাধিক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধ্বংস হওয়া ড্রোনের ধ্বংসাবশেষ বসতি এলাকায় পড়ে আগুন লেগে যায় বলেও জানা গিয়েছে।

ইউক্রেনের হামলায় মৃত্যু হয়েছে এক ভারতীয়র। জখম হয়েছেন আরও তিনজন। রবিবার মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাস এ কথা জানিয়েছে। জখম ভারতীয়দের সঙ্গে হাসপাতালে দেখা করতে যান মস্কোয় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত। দিল্লির পাশে দাঁড়িয়ে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে মস্কোও। নিহত ভারতীয় নাম-পরিচয় জানা যায়নি। ইউক্রেনের ড্রোন হামলার জেরেই মৃত্যু হয়েছে ওই ভারতীয়র।

শহরের মেয়রের বক্তব্যকে উদ্ধৃত করে রুশ সংবাদমাধ্যম জানিয়েছে, এক বছরের মধ্যে মস্কোর বুকে এটি ‘সবচেয়ে বড়’ হামলা। ইউক্রেনের এই হামলায় মস্কোর কাছে অবস্থিত খিমকি এলাকায় এক মহিলার মৃত্যু হয়েছে। মিটিসচি এলাকায় আরও দু’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম। হামলার নিশানায় ছিল শেরেমেতিয়েভো আন্তর্জাতিক বিমানবন্দরও। যদিও সেখানে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, সপ্তাহের শুরুতেই কিভে বড়সড় হামলা চালিয়েছিল রুশ বাহিনী। সেই হামলায় অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছিল। তারই পাল্টা জবাব হিসেবে ইউক্রেন এই ড্রোন হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। অন্য দিকে, ইউক্রেনের বায়ুসেনারও দাবি, একই সময়ে কিভের বিভিন্ন এলাকায় রাশিয়াও ড্রোন হামলা চালিয়েছে। ফলে দুই দেশের সংঘাত আরও ভয়াবহ রূপ নিচ্ছে বলেই আশঙ্কা আন্তর্জাতিক মহলের।