অবশেষে জেলা প্রশাসনের কাজের রিভিউ নিতে পশ্চিম বর্ধমান জেলায় আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ২৭ নভেম্বর দুর্গাপুরের সৃজনী হলে মুখ্যমন্ত্রী প্রশাসনিক রিভিউ বৈঠক করবেন বলে সূত্রের খবর। যা নিয়ে সাজো সাজো রব পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনে। এই কারণে এখন সব দপ্তরকে নিয়ে বৈঠক করলেন জেলাশাসক পোন্নমবলম এস। ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অ্যাণ্ড মনিটারিং কমিটির এই মিটিংয়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের প্রত্যেকটি প্রকল্পের কাজের খুঁটিনাটি খোঁজ দেওয়া হয়। যে সব প্রকল্পের গতি মন্তর সেটা দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়।
এদিকে পিএম সূর্যঘর প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক বৈঠক থেকে সরব হয়েছেন। ওই প্রকল্পের লক্ষ্যমাত্রা থেকে অনেক দূরে জেলা। মুখ্যমন্ত্রী সফরের আগেই আসানসোল এবং দুর্গাপুর পুরসভায় এই নিয়ে বিশেষ ক্যাম্প আয়োজন করে কাজ করছে জেলা প্রশাসন ও পুরসভা। একইরকমভাবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা, আয়ুস্মান ভারত, ভিবি রামজি, পিএম আবাস-সহ নানা প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা চলে। পশ্চিম বর্ধমান জেলার জল কষ্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নজরে রয়েছে সেটা জানেন প্রশাসনিক কর্তারা। আম্রুত ২, জনস্বাস্থ্য এবং কারিগরি দপ্তরের প্রকল্পগুলি কী পর্যায়ে আছে তা জানতে পৃথকভাবে বৈঠক করতে চলেছেন জেলাশাসক। যাতে এই প্রকল্পের কাজের গতি রাজ্য প্রশাসনের রোষের কারণ না হয়। মুখ্যমন্ত্রী তথ্য জানতে চাইলে যাতে তা দেওয়া যায়।
অন্যদিকে মুখ্যমন্ত্রীর এই সফরের দিকে নজর থাকবে জেলাবাসীর। পশ্চিম বর্ধমান জেলায় প্রশাসনিক বৈঠক অনেকদিন হয়নি। তাই কয়েক বছর পরই জেলার উন্নয়নের খতিয়ান নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আসানসোলে কালীপুজোর উদ্বোধনে এসে শুভেন্দু আধিকারী ঘোষণা করেছিলেন ছট পুজোর পর প্রশাসনিক বৈঠক করবেন। তাই এই বৈঠক কেন্দ্র এবং রাজ্যের সব সরকারি সংস্থাকে এক টেবিলে এনে জেলার উন্নয়নের রূপরেখা তৈরি করা হবে বলে জানা গিয়েছে। ওই বৈঠক চলতি মাসেই হতে চলেছে। তাই মুখ্যমন্ত্রীর নতুন উন্নয়নের রূপরেখা কী হবে সেদিকেও নজর রয়েছে জেলাবাসীর।
তাছাড়া প্রধানমন্ত্রী সূর্যঘর প্রকল্পে জেলায় ৫ হাজার বাড়িতে সোলার প্যানেল বসানোর লক্ষ্যমাত্রা ছিল। এখনও পর্যন্ত মাত্র ৭০০ বাড়িতে সেটা বসানো সম্ভব হয়েছে। এই প্রকল্পে আবেদনই জমা পড়েছে ২ হাজার। অনেকে আবেদন করেও পিছিয়ে গিয়েছেন। তাই আসানসোল পুরসভার ১০টি বরো এবং দুর্গাপুর পুরসভার পাঁচটি বরোতে বুধবার থেকে তিনদিন বিশেষ ক্যাম্প আয়োজন করা হচ্ছে। সেখানে মানুষ গিয়ে যেমন প্রকল্পের সুবিধা জানতে পারবেন তেমনি আবেদনও করা যাবে। জেলাশাসক পোন্নমবলম এস বলেন, ‘আবেদনকারী এক্ষেত্রে সরকারি ভর্তুকিও পাবেন। বাকি টাকার জন্য ঋণও পাবেন।’




