• facebook
  • twitter
  • youtube
Wednesday, 18 November, 2026

নওয়াজউদ্দীনকে প্রকাশ্যে কটাক্ষ দীয়ার! ‘একসঙ্গে কাজ করা দুঃস্বপ্নের মতো’, কী ঘটেছে দুই তারকার মধ্যে?

সমাজমাধ্যমে একটি পোস্ট। আর তা ঘিরেই শুরু হয়েছে জোর চর্চা। অভিনেতা নওয়াজ়উদ্দীন সিদ্দীকীকে সরাসরি কটাক্ষ করলেন অভিনেত্রী দীয়া মির্জা।

নওয়াজউদ্দীনকে প্রকাশ্যে কটাক্ষ দীয়ার! ‘একসঙ্গে কাজ করা দুঃস্বপ্নের মতো’, কী ঘটেছে দুই তারকার মধ্যে?

সমাজমাধ্যমে একটি পোস্ট। আর তা ঘিরেই শুরু হয়েছে জোর চর্চা। অভিনেতা নওয়াজ়উদ্দীন সিদ্দীকীকে সরাসরি কটাক্ষ করলেন অভিনেত্রী দীয়া মির্জা। বুধবার সকালে ইনস্টাগ্রাম স্টোরিতে নওয়াজকে ট্যাগ করে তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন দীয়া। অভিনেতার সঙ্গে কাজের অভিজ্ঞতাকে ‘দুঃস্বপ্ন’ বলেও উল্লেখ করেছেন তিনি। কিন্তু কী এমন ঘটল যে প্রকাশ্যে এমন আক্রমণ করলেন অভিনেত্রী?

বুধবার ইনস্টাগ্রাম স্টোরিতে দীয়া লেখেন, “একসঙ্গে কাজ করা যেন দুঃস্বপ্নের মতো! কথা বলার ন্যূনতম শিষ্টাচারটুকুও ওর মধ্যে নেই। তার উপরে এমন মনোভাব! অত্যন্ত আপত্তিকর চরিত্রের মানুষ!” তবে নওয়াজ়ের কোন আচরণে তিনি এমন ক্ষুব্ধ, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী।

দীয়ার পোস্ট।

 

দীয়ার এই পোস্ট সামনে আসতেই শুরু হয়েছে নানা জল্পনা। কোনও ছবির শুটিংয়ে কি দু’জনের মধ্যে বচসা হয়েছে? নাকি অন্য কোনও ঘটনাকে কেন্দ্র করে এই ক্ষোভ? আপাতত বিষয়টি নিয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। নেটাগরিকদের একাংশের আবার দাবি, পুরো বিষয়টিই প্রচারের কৌশল হতে পারে। তাঁদের অনুমান, একসঙ্গে কাজের প্রচার করতেই এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন দীয়া। দু’জনের ইনস্টাগ্রামে পরস্পরকে অনুসরণ করার বিষয়টিও নজর এড়ায়নি তাঁদের।

দীয়ার অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি নওয়াজ়উদ্দীন। অভিনেতার তরফে কোনও প্রতিক্রিয়া বা ব্যাখ্যাও মেলেনি। ফলে দুই তারকার মধ্যে ঠিক কী ঘটেছে, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি।

উল্লেখ্য, দীয়া মির্জ়া ও নওয়াজ়উদ্দীন সিদ্দীকী একসঙ্গে ‘ডক্টর হাসান’ নামে একটি ওয়েব সিরিজ়ে কাজ করছেন। রোহন সিপ্পী পরিচালিত সিরিজ়টি আগামী ১১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা। ফলে এই পোস্টের সঙ্গে সিরিজ়ের প্রচারের কোনও যোগ রয়েছে কি না, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে।