• facebook
  • twitter
Monday, 16 March, 2026

কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্প প্রশাসনের

লড়াই চালিয়ে যাওয়ার পাল্টা হুঁশিয়ারি তেহরানের

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ আগামী কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে বলে দাবি করল মার্কিন প্রশাসন। তবে তেহরান সেই দাবি নস্যাৎ করে স্পষ্ট জানিয়ে দিয়েছে, প্রয়োজন হলে দীর্ঘ সময় ধরে লড়াই চালিয়ে যাবে তারা। ফলে পশ্চিম এশিয়ার পরিস্থিতি এখনও উত্তপ্তই রয়ে গিয়েছে।

মার্কিন প্রশাসনের একাধিক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান দ্রুত এগোচ্ছে। নির্ধারিত সময়ের আগেই তা শেষ হতে পারে। এক সাক্ষাৎকারে মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট বলেন, ‘যুদ্ধের ক্ষেত্রে কোনও নিশ্চয়তা থাকে না। তবে আমরা আশা করছি, কয়েক সপ্তাহের মধ্যেই এই সংঘাতের অবসান হতে পারে।’ মার্কিন প্রশাসনের অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসেটও একই ধরনের ইঙ্গিত দিয়েছেন। তাঁর দাবি, সামরিক দপ্তর শুরুতে মনে করেছিল এই অভিযান সম্পূর্ণ করতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে। কিন্তু এখনও পর্যন্ত পরিস্থিতি সেই সময়সীমার আগেই নিয়ন্ত্রিত হতে পারে।

Advertisement

প্রসঙ্গত, এই সংঘাতের জেরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে ইতিমধ্যেই অস্থিরতা তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কমে যাওয়ায় বিশ্বজুড়ে তেলের দামের উপর চাপ তৈরি হয়েছে। এই সমুদ্রপথ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহণ রুট হিসেবে পরিচিত।
মার্কিন প্রশাসনের দাবি, মিত্র দেশগুলির সহযোগিতায় এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে উদ্যোগ নেওয়া হচ্ছে।

Advertisement

তবে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা কোনও যুদ্ধবিরতির আবেদন করেনি। প্রয়োজন হলে যুদ্ধ চালিয়ে যাবে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা কখনও যুদ্ধবিরতি চাইনি। আলোচনার আবেদনও করিনি। যতদিন প্রয়োজন আমরা নিজেদের রক্ষা করব।’ তিনি আরও অভিযোগ করেন, এই সংঘাতের সূচনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাঁর কথায়, ‘এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া সিদ্ধান্তের ফল। আমরা নিজেদের রক্ষার লড়াই চালিয়ে যাব।’

বিশ্লেষকদের মতে, যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, ততই তার প্রভাব পড়বে আন্তর্জাতিক রাজনীতি ও জ্বালানির বাজারে।

Advertisement