নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারের রাস্তায় তখন অগুনতি পর্যটক। হঠাৎই সেখানে হামলা চালায় বন্দুকবাজরা। মূহূর্তের মধ্যে আনন্দ আতঙ্কে পরিণত হয়। গুলির শব্দ শুনে সেখানে উপস্থিত পর্যটকরা আতঙ্কিত হয়ে পড়েন। তাঁরা নিজেদের প্রাণ বাঁচাতে দিকবিদিকশূণ্য হয়ে এদিক-ওদিকে ছোটাছুটি শুরু করেন। বৃহস্পতিবারের এই ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় গুলিতে একজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
নিউ ইয়র্কের পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার নিউ ইয়র্কের স্থানীয় সময় বিকেল ৩টে ৪০ মিনিটে গুলি চলে। একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, কালো পোশাক পরা দুজন ব্যক্তি ভিড়ের মধ্যে ঢুকে হঠাৎই গুলি চালাতে শুরু করে। গুলির শব্দ শুনে সেখানে উপস্থিত জনতা প্রাণ বাঁচাতে ছুটতে শুরু করে। নিরাপদ আশ্রয়ের খোঁজে হুড়োহুড়ি পড়ে যায়।
সূত্রের খবর, পুলিশ সেই সময়ে ঘটনাস্থলে উপস্থিত ছিল। গুলি চলার সঙ্গে সঙ্গেই পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে দ্রুত ধাওয়া করে ধরে ফেলেন। নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, বর্তমানে বিশ্বকাপ চলছে। এদিন অনেক ক্রীড়াপ্রেমী টাইমস স্কোয়্যারে গিয়েছিলেন। এনবিএ চ্যাম্পিয়ন নিউ ইয়র্ক নিকস-এর বিজয় উদযাপনে লোয়ার ম্যানহাটনের রাস্তায় একটি প্যারেড হয়েছিল। সেই জন্য ওই এলাকায় এদিন প্রায় ১০ হাজার পুলিশ মোতায়েন ছিল।
উল্লেখ্য, কিছুদিন আগে নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারের সামনে এরকমই গুলি চালানোর ঘটনা ঘটে। বাস্কেটবলের একটি টুর্নামেন্টে ৫৩ বছর পরে জিতেছিল নিউ ইয়র্ক নিক্স। সেই জয় উদযাপন করতে সেখানে বহু সমর্থক ভিড় জমিয়েছিলেন। আনন্দের মাঝে হঠাৎই গুলির শব্দ শোনা যায়। সেদিন ওই ঘটনায় একজন কিশোর গুলিবিদ্ধ হয়। তবে শুধু গুলি নয়, এর পাশাপাশি হামলাকারীরা ছুরি নিয়েও কয়েকজনকে কোপ মেরেছিল বলে অভিযোগ উঠেছিল।




