• facebook
  • twitter
Saturday, 21 March, 2026

দক্ষিণ কোরিয়ার অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪, ঘটনাস্থল পরিদর্শনে রাষ্ট্রপতি

দক্ষিণ কোরিয়ার দেজনের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১৪, আহত বহু। ঘটনাস্থল পরিদর্শনে রাষ্ট্রপতি লি জে মিয়ং, জোরদার উদ্ধার অভিযান চলছে।

দক্ষিণ কোরিয়ার দেজন শহরের গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪। এই ঘটনায় অন্তত ৫৯ জন আহত হয়েছেন, যাঁদের মধ্যে দু’জন দমকল কর্মীও রয়েছেন।

শনিবার ঘটনাস্থল পরিদর্শনে যান দেশের রাষ্ট্রপতি লি জে মিয়ং। তিনি দুর্ঘটনার একদিন পর ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং উদ্ধার ও ত্রাণ কার্য নিয়ে প্রশাসনের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন। পাশাপাশি মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।

Advertisement

রাষ্ট্রপতির দপ্তর সূত্রে জানা গিয়েছে, তিনি দমকল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সবরকম সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়। একইসঙ্গে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিয়মিত তথ্য জানানো এবং ক্ষতিগ্রস্তদের যথাযথ সহায়তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন তিনি। পরে তিনি নিকটবর্তী হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গেও সাক্ষাৎ করেন।

Advertisement

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুর প্রায় ১টা ১৭ মিনিট নাগাদ আগুন লাগে, তখন কারখানার ভিতরে প্রায় ১৭০ জন কর্মী উপস্থিত ছিলেন। কাঠামো ভেঙে পড়ার আশঙ্কা থাকায় প্রথমে দমকল কর্মীরা ভিতরে ঢুকতে পারেননি। তাছাড়া ভিতরে থাকা প্রায় ২০০ কেজি সোডিয়াম আগুন নেভানোর কাজে বাড়তি ঝুঁকি তৈরি করে।

প্রায় ১০ ঘণ্টা ৩০ মিনিটের চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়, তবে প্রত্যক্ষদর্শীদের মতে, বিস্ফোরণের পর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

Advertisement