• facebook
  • twitter
  • youtube
Wednesday, 18 November, 2026

NEET-এর প্রশ্নফাঁস কাণ্ডে ১৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন, ২৫ নভেম্বর থেকে শুরু প্রতিদিনের বিচার

NEET UG ২০২৬-এর প্রশ্নফাঁস কাণ্ডে বড় পদক্ষেপ করল দিল্লির ফাস্ট ট্র্যাক আদালত। এই ঘটনায় অভিযুক্ত ১৪ জনের বিরুদ্ধে ফৌজদারি

NEET-এর প্রশ্নফাঁস কাণ্ডে ১৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন, ২৫ নভেম্বর থেকে শুরু প্রতিদিনের বিচার

NEET UG ২০২৬-এর প্রশ্নফাঁস কাণ্ডে বড় পদক্ষেপ করল দিল্লির ফাস্ট ট্র্যাক আদালত। এই ঘটনায় অভিযুক্ত ১৪ জনের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন করল আদালত। আগামী ২৫ নভেম্বর থেকে মামলার প্রতিদিনের বিচার শুরু হবে বলে জানিয়েছে আদালত।
বুধবার রাউস অ্যাভিনিউ আদালতের বিশেষ বিচারক অজয় গুপ্ত অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS), দুর্নীতি দমন আইন এবং পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) আইনের একাধিক ধারায় অভিযোগ গঠন করেন।
অভিযুক্তদের তালিকায় রয়েছেন যশ যাদব, মঙ্গলিলাল বিওয়াল, দীনেশ বিওয়াল, বিকাশ বিওয়াল, শুভম খৈরনার, ধনঞ্জয় লোকহান্ডে, প্রহ্লাদ কুলকার্নি, তেজস হর্ষদ কুমার, চিকিৎসক মনোজ শিরুরে, শিবরাজ রঘুনাথ মোতেগাঁওকর, মনীষা ওয়াঘমারে, মনীষা মান্ধারে, মনীষা সঞ্জয় হাভালদার এবং শেষরাও বজরং সূর্যবংশী।
এই মামলায় প্রায় ২০ হাজার পাতার চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেখানে ১৪ জনকে অভিযুক্ত করা হয়েছে। তদন্তকারী সংস্থার অভিযোগ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-র দিল্লির দফতরের গোপন বিভাগ থেকেই NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করা হয়েছিল। এই কাজে তিন জন বিষয় বিশেষজ্ঞ যুক্ত ছিলেন বলেও চার্জশিটে দাবি করেছে সিবিআই।
আদালতে জানানো হয়, গোপন বিভাগ থেকে বেরোনোর সময় অভিযুক্তদের যথাযথ তল্লাশি বা ফ্রিস্কিং করা হয়নি। সেই সুযোগ কাজে লাগিয়েই বিভিন্ন পদ্ধতিতে পরীক্ষার প্রশ্ন বাইরে পাচার করা সম্ভব হয়েছিল বলে অভিযোগ।
এ বার ১৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের পর মামলার বিচারপ্রক্রিয়া শুরু হতে চলেছে। আগামী ২৫ নভেম্বর থেকে প্রতিদিন শুনানির মাধ্যমে দ্রুত বিচার শেষ করার পথে এগোতে চাইছে আদালত।