পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদী ফের উঠে এলেন খবরের শিরোনামে। এবার অন্য এক মামলায় লন্ডনের আদালতে তিনি বড়সড় ধাক্কা খেলেন। লন্ডনের আদালত নীরব মোদীকে নির্দেশ দিয়েছে, যাতে তিনি সুদ ও আসল মিলিয়ে ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে ১০.৭ মিলিয়ন মার্কিন ডলার শোধ করেন।
২০১২ সালে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দুবাইয়ের এক সংস্থাকে ঋণ দিয়েছিল। এরপর ২০১৩ সালে সেই ঋণের ব্যক্তিগত গ্যারান্টার হন নীরব মোদী। কিন্তু এর ঠিক পাঁচ বছর বাদে ২০১৮ সালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কোটি কোটি টাকা হাতানোর ঘটনা প্রকাশ্যে আসে। সেই ঘটনা সামনে আসতেই ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দুবাইয়ের ওই সংস্থা ও নীরব মোদীকে নোটিস পাঠায়।
জানা গিয়েছে, নীরব মোদী সেই নোটিসের জবাব না দেওয়ায় আদালত ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দাবিকে বৈধ বলে মেনে নিয়ে ঋণের ৪.১ বিলিয়ন ডলার ও সুদ শোধ করার কথা জানায়। সেই মতো ২০২৫ সালে তাঁকে নোটিস পাঠানো হয়। সম্প্রতি মঙ্গলবার সার্কিট কমার্শিয়াল কোর্টের বিচারপতি জানান, পিএনবি জালিয়াতি কাণ্ডের জন্য নীরব মোদীর দেওয়া গ্যারান্টির আর্থিক মূল্য অনেকটাই কমে গিয়েছিল।
নীরব মোদীর পাঠানো একটি ই-মেলও আদালতে পেশ করা হয়। যদিও নীরব মোদী দাবি করেছেন, তিনি ২০১৮ ও ২০২৫ সালে কোনও নোটিস পাননি। যদিও আদালত তাঁর সেই দাবি খারিজ করে দিয়েছে। বর্তমানে নীরব মোদীকে আদালত ১০.৭ মিলিয়ন মার্কিন ডলার শোধ করার নির্দেশ দিয়েছে।




