• facebook
  • twitter
Friday, 20 March, 2026

নিজের মৃত্যু জল্পনা উড়িয়ে এক্সে ভিডিও প্রকাশ নেতানিয়াহুর

সম্প্রতি নেতানিয়াহু এক্স হ্যান্ডলে একটি নতুন ভিডিও প্রকাশ করেছেন

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ঘিরে রহস্য এখনও কাটছে না। সাম্প্রতিক সময়ে তাঁর মৃত্যু নিয়ে জল্পনা ক্রমশই জোরালো হয়েছে। যদিও একাধিক ভিডিও এবং ছবি প্রকাশ্যে এনে তিনি নিজেই দাবি করেছেন যে তিনি জীবিত এবং সুস্থ আছেন, তবুও সংশয় পুরোপুরি দূর হয়নি।

সম্প্রতি নেতানিয়াহু এক্স হ্যান্ডলে একটি নতুন ভিডিও প্রকাশ করেছেন।  মৃত্যু জল্পনা উড়িয়ে দিয়ে, আবারও তাঁকে বলতে শোনা গেল, ‘আমি বেঁচে আছি।’ কিছুটা রসিকতার সুরেই এ কথাগুলি বলতে শোনা গিয়েছে তাঁকে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি দৈনিক স্টেটসম্যান।

Advertisement

ভিডিওতে নেতানিয়াহুকে মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবির সঙ্গে দেখা গিয়েছে।  হাকাবি মজা করে বলেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নিরাপত্তার খোঁজ নিতে তাঁকে পাঠিয়েছেন। উত্তরে নেতানিয়াহু হাস্যরসের সুরে বলেন, তিনি ‘বেঁচে আছেন এবং সুস্থ আছেন।‘

Advertisement

এই কথোপকথনের মধ্যেই ইরানের দুই গুরুত্বপূর্ণ ব্যক্তি—আলি লারিজানি এবং গোলারেজা সোলেইমানির মৃত্যুর প্রসঙ্গ তোলেন নেতানিয়াহু। তিনি ইঙ্গিত দেন যে তাঁর কাছে একটি ‘তালিকা’ রয়েছে, যেখান থেকে ইতিমধ্যেই কয়েকটি নাম বাদ দেওয়া হয়েছে এবং আরও নাম এখনও বাকি আছে। তার পরই বলেন, ‘আমার কাছে একটা পাঞ্চ কার্ড আছে। সেই কার্ডে কয়েক জনের নাম আছে। আজকে সেই তালিকা থেকে দু’জনের নাম মুছে দিয়েছি। এখনও আরও অনেকে বাকি আছে।’

নেতানিয়াহু আরও বলেন, ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে ইজরায়েল এবং আমেরিকা একসঙ্গে কাজ করবে এবং যে কোনও মূল্যে তা প্রতিহত করবে। মার্কিন প্রশাসন এবং সেনাবাহিনীর ভূয়সী প্রশংসাও শোনা যায় তাঁর মুখে।সোমবার ইরানের নাগরিকদের উদ্দেশে বার্তা দিয়েছিলেন নেতানিয়াহু। নওরোজ উৎসব উপলক্ষে তাঁদের শুভেচ্ছাও জানান তিনি।

 

তাঁদের ‘নির্ভীক জনগণ’ বলে উল্লেখ করেন। তার পরেও নেতানিয়াহুকে নিয়ে ধোঁয়াশা কাটছিল না। সেই ভিডিও প্রকাশের কয়েক ঘণ্টা পরেই আবার একটি ভিডিও প্রকাশ করা হয় নেতানিয়াহুর এক্স হ্যান্ডল থেকে। এ বার সেই ভিডিও মার্কিন দূতের সঙ্গে দেখা গিয়েছে ইজরায়েলি প্রধানমন্ত্রীকে।

তবে এই ভিডিওর সত্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। এর আগেও একটি ভিডিওতে তাঁর হাতে ছ’টি আঙুল দেখা গিয়েছিল, যা দেখে অনেকে ডিপফেক সন্দেহ প্রকাশ করেন। পরে আরেকটি ভিডিওতে তাঁকে জেরুজালেমের একটি ক্যাফেতে দেখা যায়, যেখানে তাঁর হাত স্বাভাবিক ছিল। এইসব অসঙ্গতি থেকেই সন্দেহ আরও ঘনীভূত হয়।

যদিও ইজরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর সব অভিযোগ অস্বীকার করে একে নিছক গুজব বলে উড়িয়ে দিয়েছে, তবুও বিভিন্ন মহলে প্রশ্ন থেকেই যাচ্ছে—নেতানিয়াহু সত্যিই কোথায় এবং তিনি আদৌ সম্পূর্ণ সুস্থ আছেন কি না, তা নিয়ে রহস্য ক্রমশ বাড়ছে

 

 

 

 

Advertisement