• facebook
  • twitter
Sunday, 22 February, 2026

ট্রাম্পের রিসর্টে বন্দুকবাজের হানা! নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত সশস্ত্র ব্যক্তি

ফ্লোরিডায় ট্রাম্পের মার-এ-লাগো রিসর্টে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত সশস্ত্র ব্যক্তি, নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিলাসবহুল মার-এ-লাগো রিসর্টে অনুপ্রবেশের চেষ্টা করতে গিয়ে নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত হলেন এক সশস্ত্র ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ এলাকায়, যা প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিগত আবাস হিসেবে পরিচিত।

মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে, অনুমতি ছাড়াই উত্তর দিকের প্রবেশদ্বার দিয়ে রিসর্টে ঢোকার চেষ্টা করেন ওই ব্যক্তি। নিরাপত্তারক্ষীরা তাঁকে থামার নির্দেশ দিলেও তিনি তা অমান্য করে ভিতরে প্রবেশের চেষ্টা চালিয়ে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় শেষ পর্যন্ত সিক্রেট সার্ভিসের এক এজেন্ট এবং স্থানীয় ডেপুটি শেরিফ যৌথভাবে গুলি চালান। ঘটনাস্থলেই মৃত্যু হয় অনুপ্রবেশকারীর।

Advertisement

সিক্রেট সার্ভিসের মুখপাত্র জানিয়েছেন, নিহত ব্যক্তির কাছে আগ্নেয়াস্ত্র ছিল এবং তাঁর উদ্দেশ্য নিয়ে তদন্ত চলছে। এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানানো হয়েছে। তবে ঘটনার সময় রিসর্টে উপস্থিত ছিলেন না প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি এবং তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প বর্তমানে হোয়াইট হাউসে অবস্থান করছেন। ফলে প্রেসিডেন্ট বা তাঁর পরিবারের কোনও ক্ষতি হয়নি।

Advertisement

উল্লেখ্য, এর আগেও প্রেসিডেন্ট ট্রাম্পের নিরাপত্তা নিয়ে একাধিকবার উদ্বেগ তৈরি হয়েছে। ২০২৪ সালের জুলাই মাসে পেনসিলভ্যানিয়াতে নির্বাচনী প্রচারের সময় হামলার মুখে পড়েছিলেন তিনি। এছাড়া ওয়েস্ট পাম বিচের গল্ফ কোর্সেও এক বন্দুকবাজ অনুপ্রবেশ করেছিল। সাম্প্রতিক এই ঘটনা ফের একবার মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত আবাসনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তদন্তকারীরা অনুপ্রবেশকারীর পরিচয়, উদ্দেশ্য এবং কোনও বৃহত্তর ষড়যন্ত্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন।

Advertisement