• facebook
  • twitter
Thursday, 23 April, 2026

পেন্টাগনে বড় রদবদল, নৌসচিবকে সরিয়ে দিলেন ট্রাম্প

নৌবাহিনীর সচিব জন ফেলানকে পদ থেকে সরিয়ে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রতিরক্ষা কাঠামোয় হঠাৎ বড় রদবদল করা হলো। নৌবাহিনীর সচিব জন ফেলানকে পদ থেকে সরিয়ে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেন্টাগন সূত্রে জানানো হয়েছে, তাঁকে সরে যেতে বলার পরেই পদত্যাগ ঘোষণা করেন ফেলান।

ইরানের সঙ্গে চলা সংঘাত ও যুদ্ধবিরতির প্রেক্ষাপটে ট্রাম্পের এই সিদ্ধান্ত ঘিরে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রক এবং সেনার শীর্ষ স্তরে উদ্বেগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক মহলেও জল্পনা বাড়ছে। অনেকের মতে, দীর্ঘমেয়াদি সামরিক প্রস্তুতির লক্ষ্যে সেনাবাহিনীতে নিজের পছন্দের টিম গড়ে তুলছেন ট্রাম্প।

Advertisement

পেন্টাগন জানিয়েছে, ফেলানের জায়গায় আপাতত দায়িত্ব সামলাবেন আন্ডারসেক্রেটারি হাং কাও। এই নিয়োগকে ঘিরেও প্রশ্ন উঠেছে। একাংশের মতে, একজন তুলনামূলক জুনিয়র অফিসারকে সামনে এনে বাহিনীর উপর আরও সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছেন ট্রাম্প।

Advertisement

উল্লেখযোগ্য, এই রদবদলের ঠিক দু’দিন আগেই ফেলান বাহিনীর উদ্দেশে ভাষণে ইরানকে ‘জব্দ’ করার পরিকল্পনার কথা বলেছিলেন। তবে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, তাঁর নেতৃত্ব ও কমান্ড নিয়ে সন্তুষ্ট ছিলেন না ট্রাম্প প্রশাসন। দ্রুত সামরিক সাফল্যের প্রত্যাশা পূরণ না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এর আগে চলতি মাসের শুরুতেই মার্কিন সেনার শীর্ষ কমান্ডার র‍্যান্ডি জর্জ -সহ একাধিক সিনিয়র অফিসারকে সরানো হয়। যদিও সরকারিভাবে কোনও কারণ জানানো হয়নি। এক্ষেত্রেও ইরান ইস্যুতে প্রত্যাশিত অগ্রগতি না হওয়াই এই পদক্ষেপের নেপথ্যে বলে মনে করা হয়।

দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে ফিরে আসার পর থেকেই সেনাবাহিনীতে বড়সড় রদবদলের ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। ইতিমধ্যেই বিমানবাহিনী ও ন্যাটো-সংক্রান্ত গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি, একাধিক শীর্ষস্তরের সামরিক কর্তার আগাম অবসরও এই অনাস্থার ইঙ্গিত বলেই মনে করছে কূটনৈতিক মহল। সব মিলিয়ে, পেন্টাগনের এই ধারাবাহিক রদবদল শুধু প্রশাসনিক সিদ্ধান্ত , নাকি বৃহত্তর সামরিক কৌশলের অংশ, তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।

Advertisement