• facebook
  • twitter
Tuesday, 17 March, 2026

রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের সংস্কার ও সন্ত্রাস দমনে জোর

দিল্লিতে ভারত-রাশিয়ার গুরুত্বপূর্ণ বৈঠক

রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের সংস্কার, সন্ত্রাস দমন এবং শান্তিরক্ষা কার্যক্রমকে কেন্দ্র করে দিল্লিতে গুরুত্বপূর্ণ আলোচনায় বসল ভারত ও রাশিয়া। মঙ্গলবার অনুষ্ঠিত সপ্তম রাষ্ট্রসঙ্ঘ পরামর্শ বৈঠকে দুই দেশের কূটনৈতিক শীর্ষস্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভারতের বিদেশ মন্ত্রকের পশ্চিম বিভাগের সচিব সিবি জর্জ এবং রাশিয়ার উপ বিদেশমন্ত্রী আলেকজান্ডার আলিমভ যৌথভাবে বৈঠকের নেতৃত্ব দেন। উপস্থিত ছিলেন ভারতে রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস আলিপভ-সহ অন্যান্য আধিকারিকরা। বৈঠকে রাষ্ট্রসঙ্ঘের বিভিন্ন অগ্রাধিকারমূলক বিষয় নিয়ে বিশদ আলোচনা হয়।

Advertisement

সূত্রের খবর, আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বিশ্বে সন্ত্রাসবাদ মোকাবিলা, শান্তিরক্ষা মিশন এবং রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের সংস্কার। বর্তমান বিশ্ব পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে এই পরিষদকে আরও কার্যকর ও প্রতিনিধিত্বমূলক করে তোলার প্রয়োজনীয়তার উপর জোর দেন দুই পক্ষই।

Advertisement

রাশিয়া বরাবরই ভারতের স্থায়ী সদস্যপদের দাবিকে সমর্থন করে এসেছে। তাদের মতে, বিশ্বের বৃহত্তর অংশের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ভারত, ব্রাজিল এবং আফ্রিকার দেশগুলিকে নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা জরুরি। এর আগে গত ডিসেম্বরে দিল্লিতে ভারত-রাশিয়ার বার্ষিক শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একই সুরে নিরাপত্তা পরিষদের সংস্কারের পক্ষে মত দেন। তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি গ্রহণের ওপরও জোর দেন।

এই বৈঠকেও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলায় কোনও রকম দ্বিচারিতা না করে ঐক্যবদ্ধভাবে লড়াই করার প্রয়োজনীয়তার কথা উঠে আসে। পাশাপাশি রাষ্ট্রসঙ্ঘের বিভিন্ন প্রস্তাব কার্যকর করার ক্ষেত্রেও দ্রুত পদক্ষেপের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

Advertisement