আমেরিকায় হোয়াইট হাউসের নৈশভোজের সময় বন্দুকবাজের হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওয়াশিংটনের একটি হোটেলে আয়োজিত এই উচ্চপর্যায়ের অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতেই পরপর গুলির ঘটনা ঘটে। তবে সৌভাগ্যবশত প্রেসিডেন্ট ট্রাম্প অক্ষত রয়েছেন, তাঁর কোনো আঘাত লাগেনি।
ঘটনার সময় দ্রুত পদক্ষেপ নেয় সিক্রেট সার্ভিস। প্রেসিডেন্ট ট্রাম্প এবং তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে তৎক্ষণাৎ নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। একই সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদেরও নিরাপদে স্থানত্যাগ করানো হয়। এখনও পর্যন্ত কোনো প্রাণহানি বা গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
Advertisement
শনিবার রাতে (মার্কিন সময় অনুযায়ী) আয়োজিত এই বার্ষিক নৈশভোজে প্রায় ২৬০০ জন অতিথি উপস্থিত ছিলেন বলে জানা গেছে। সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রিয় অভিনেতা ও বিভিন্ন বিশিষ্ট অতিথিরাও অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। হঠাৎ গুলির শব্দ শোনার পরই পুরো ভেন্যুতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে টেবিলের নিচে আশ্রয় নেন, আবার অনেকে প্রাণ বাঁচাতে দ্রুত বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন।
Advertisement
প্রত্যক্ষদর্শীদের দাবি, অন্তত পাঁচ থেকে আট রাউন্ড গুলির শব্দ শোনা যায়। নৈশভোজ শেষে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য দেওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই এই হামলার ঘটনা ঘটে। এত কঠোর নিরাপত্তার মধ্যেও কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
ঘটনার পর সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প সিক্রেট সার্ভিসের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন। তিনি জানান, বন্দুকবাজকে আটক করা হয়েছে এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তিনি আরও লেখেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে এই অনুষ্ঠান পুনরায় আয়োজন করা হবে।
অন্য একটি পোস্টে ট্রাম্প জানান, ফার্স্ট লেডি মেলানিয়া, ভাইস প্রেসিডেন্ট এবং অন্যান্য নেতারা সবাই নিরাপদে আছেন। আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশে পুরো এলাকা খালি করা হয়েছে এবং শিগগিরই হোয়াইট হাউস থেকে সাংবাদিক সম্মেলন করা হবে। আগামী ৩০ দিনের মধ্যে পুনরায় এই নৈশভোজ আয়োজনের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।
Advertisement



