ইজরায়েলের সংসদীয় নির্বাচনে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) বিরোধী দলগুলি সম্মিলিতভাবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তারপরও সরকার গঠন নিয়ে রাজনৈতিক অচলাবস্থা কাটছে না। কারণ নেতানিয়াহুকে (Benjamin Netanyahu) ক্ষমতা থেকে সরাতে আগ্রহী দলগুলির মধ্যে আরব নেতৃত্বাধীন দলগুলির সঙ্গে জোট তৈরি নিয়ে মতভেদ দেখা দিয়েছে। ফলে সংসদের আসনসংখ্যার হিসাবে সংখ্যাগরিষ্ঠতা থাকলেও, সরকার গঠনের পথ এখনও অনিশ্চিত বলে মনে করা হচ্ছে।
বৃহস্পতিবারও অবশিষ্ট ভোট গণনার কাজ চলছিল। সেই সময়ের প্রাথমিক হিসাব অনুযায়ী, ইজরায়েলের ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুল নেতৃত্বাধীন জোট ৫৩টি আসন পেতে পারে বলে মনে করা হয়। সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন দরকার। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা থেকে আটটি আসন দূরে রয়েছে তাঁর জোট।
অন্যদিকে গাদি আইজেনকটের (Gadi Eisenkot) নেতৃত্বাধীন বিরোধী দলগুলি পেয়েছে ৪৮টি আসন। সেইরকমই মনে করা হচ্ছে। আরব নেতৃত্বাধীন দুই দল জয়েন্ট লিস্ট ও রাআমের সম্মিলিত আসনসংখ্যা হতে পারে ১৯। এর ফলে নেতানিয়াহু-বিরোদী দলগুলির মোট আসন সংখ্যা দাঁড়াচ্ছে ৬৭। কিন্তু এই সংখ্যাই সরকার গঠনের নিশ্চয়তা দিচ্ছে না। কারণ, আরব দলগুলির সমর্থন নিয়ে সরকার গঠনের বিষয়ে ইহুদি প্রধান বিরোধী দলগুলির মধ্যে ঐক্যমত নেই।
আরও পড়ুন: ইজরায়েলে ক্ষমতা ধরে রাখতে পারবেন নেতানিয়াহু? সরকার গঠনে নির্ণায়ক হবে কি আরব দলগুলি?
কোন দলের হাতে কত আসন?
বুধবারের গণনার হিসাব অনুযায়ী, নেতানিয়াহুর (Benjamin Netanyahu) লিকুদ পার্টি ২৬টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে। শাসক জোটের অন্য শরিক শাস, ইউনাইটেড তোরাহ জুডাইজ়ম, ওতজ়মা ইয়েহুদিত এবং রিলিজিয়াস জায়নইজমকে নিয়ে জোটের মোট আসনসংখ্যা ৫৩।
অন্য দিকে, আইজেনকটের (Gadi Eisenkot) ইয়াশার পার্টি, নাফতালি বেনেটের বিইয়াহাদ, আভিগদর লিবারম্যানের ইজরায়েল বেইতেনু এবং ইয়ার গোলানের ডেমোক্র্যাটস পার্টি মিলিয়ে বিরোধী শিবিরের আসনসংখ্যা ৪৮। জয়েন্ট লিস্ট ও রা আমের ১৯টি আসন যোগ করলে নেতানিয়াহু-বিরোধী দলগুলির সম্মিলিত শক্তি দাঁড়ায় ৬৭।
তবে এই দলগুলি একক কোনও জোট হিসেবে নির্বাচনে লড়েনি। তাদের মধ্যে রাজনৈতিক মতাদর্শ, নিরাপত্তা নীতি এবং আরব প্রতিনিধিত্বের প্রশ্নে যথেষ্ট পার্থক্য রয়েছে। তাই সম্মিলিত আসনসংখ্যা বেশি হলেও, একসঙ্গে সরকার চালানোর বিষয়ে সমঝোতা তৈরি হওয়া কঠিন।
আরও পড়ুন: ভোটে হেরে আমেরিকায় বলসোনারো জুনিয়র, এ নিয়ে কী বললেন মার্কিন প্রেসিডেন্ট?
বিরোধীদের মধ্যে মতপার্থক্য কোথায়?
আইজেনকট (Gadi Eisenkot) নির্বাচনের ফলাফলকে নেতানিয়াহুর বিরুদ্ধে জনমত হিসেবে ব্যাখ্যা করেছেন। নির্বাচনের পর একটি বিবৃতিতে আইজেনকট বলেন, ‘আমাদের সামনে আরও অনেক দিনের কাজ বাকি। তবে ইজরায়েলে পরিবর্তন আনার যে গুরুদায়িত্ব আমাদের দেওয়া হয়েছে, আমরা তাতেই মনোযোগ দিচ্ছি।‘
অন্যদিকে, নেতানিয়াহুকে (Benjamin Netanyahu) ক্ষমতা থেকে সরানোর জন্য আগ্রহ দেখিয়েছে আরব নেতৃত্বাধীন দলগুলিও। কিন্তু তাদের সঙ্গে সরকার গঠনের জন্য প্যালেস্টাইন প্রশ্ন, নিরাপত্তা নীতি এবং নতুন প্রশাসনে আরব রাজনৈতিক প্রতিনিধিত্বের শর্তের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা প্রয়োজন। এই মতপার্থক্যগুলির সমাধান না হলে বিরোধীদের সম্মিলিত সংখ্যাগরিষ্ঠতা কার্যকর রাজনৈতিক শক্তিতে পরিণত হওয়া কঠিন।
ইজরায়েলে ভোটচুরির অভিযোগ তুলেছেন বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। সমাজমাধ্যমে একটি পোস্ট করে তিনি দাবি করেছেন, আরব জনবসতিপূর্ণ এলাকার গণনাকেন্দ্রগুলিতে নির্বাচনী কারচুপি করা হয়েছে। ভুয়ো নথি দেখিয়ে হুমকি দিয়ে ভোট লুটের অভিযোগ করেছেন তিনি। যদিও আরব দেশগুলি তাঁরর অভিযোগ উড়িয়ে দিয়েছে।
আগামী ৪ নভেম্বর নির্বাচনের সরকারি ফলাফল প্রকাশিত হওয়া কথা। ততদিন বাকি ভোটের গণনা এবং রাজনৈতিক দলগুলির অবস্থানই নির্ধারণ করবে, ইজরায়েলের পরবর্তী সরকার গঠনের পথ কোন দিকে এগোবে।
দেখুন:




