• facebook
  • twitter
Wednesday, 4 March, 2026

বাংলাদেশের সরকারী কর্মীদের কড়া নির্দেশ, প্রথম ৪০ মিনিট অফিসে থাকা বাধ্যতামূলক

প্রত্যেক কর্মচারীকে সকাল ৯টার মধ্যে অফিসে ঢুকতে হবে এবং ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজের দপ্তরে সশরীরে হাজির থাকতে হবে

বাংলাদেশের সরকারি কর্মচারীদের জন্য নতুন নিয়ম জারি করল সে দেশের বিএনপি সরকার। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিটি সরকারি কর্মচারীকে সকাল ৯টার মধ্যে অফিসে পৌঁছাতে হবে এবং অন্তত প্রথম ৪০ মিনিট তাদের নিজ দপ্তরে হাজির থাকতে হবে।

কোনও প্রয়োজন হলে তার পর তাঁরা অফিসের বাইরে বেরোতে পারবেন। ব্যক্তিগত বা অন্যান্য প্রয়োজনে অফিস ছাড়তে পারবেন, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। গত সোমবার বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ বিভাগ এই নির্দেশিকা জারি করেছে বলে খবর।

Advertisement

মন্ত্রীপরিষদ বিভাগ জানিয়েছে, আগে কিছু সরকারি কর্মচারী অফিসে যাওয়ার পথে ব্যাঙ্ক, হাসপাতাল বা সন্তানদের স্কুলে যাওয়ার মতো ব্যক্তিগত কাজ সেরে নিতেন। এছাড়া সেমিনার, ওয়ার্কশপ বা অতিথি বক্তার দায়িত্ব পালনের কারণে অনেকেই অফিসে দেরিতে যেতেন।

Advertisement

নতুন নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে, এই ধরনের কাজ অফিসের সময়ে করা যাবে না এবং অফিসের সূচি সেই অনুযায়ী সাজাতে হবে। প্রত্যেক কর্মচারীকে সকাল ৯টার মধ্যে অফিসে ঢুকতে হবে এবং ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজের দপ্তরে সশরীরে হাজির থাকতে হবে।

সাধারণ মানুষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে যাতে যোগাযোগ করতে পারেন এবং অন্যান্য দপ্তরের প্রয়োজনেও তাঁদের যাতে সহজে পাওয়া যায় এটাই লক্ষ্য। ২০১৯ এবং ২০২৪ সালের নিয়মের ভিত্তিতে এই নতুন নির্দেশিকা তৈরি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, নির্ধারিত সময়ে দপ্তরে প্রবেশ ও প্রস্থান সরকারি কর্মচারীদের জন্য বাধ্যতামূলক।

তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। জরুরি পরিষেবা, শিক্ষা বা প্রশিক্ষণ প্রতিষ্ঠান, প্রশাসনিক দায়িত্বে নিযুক্ত নয় এমন কর্মচারী, হাসপাতাল, সংবাদ, কারাগার এবং নিরাপত্তা সংস্থার কর্মচারীরা নতুন নির্দেশিকায় ছাড় পাবেন।

গত মাসে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমান একাধিক পূর্ববর্তী নিয়ম বাতিল করেছেন। এবার সরকারি কর্মচারীদের জন্য কঠোর সময়ানুবর্তিতার নতুন নিয়ম প্রবর্তনের মাধ্যমে তাঁর সরকার দপ্তরে শৃঙ্খলা ও কার্যকারিতা নিশ্চিত করতে চেয়েছে।

 

 

Advertisement