• facebook
  • twitter
Wednesday, 15 April, 2026

ভারতীয়দের ভিসা দেওয়া চালু করছে বাংলাদেশ

দিল্লি ও আগরতলা থেকে ওই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছিল। দু’মাসের মধ্যে তা বদল করা হল।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভারতীয়দের জন্য আবার ভিসা পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন এবং আগরতলার বাংলাদেশ সহকারী হাই কমিশন থেকে পুনরায় ভিসা পাবেন ভারতীয়রা। পাশাপাশি ভিসা ও দূতাবাস সংক্রান্ত অন্যান্য পরিষেবাও ভারতীয়দের জন্য স্বাভাবিক করা হচ্ছে।

গত ২২ ডিসেম্বর নিরাপত্তাজনিত ও কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষিতে এই ভিসা পরিষেবা সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ে। দিল্লি, আগরতলা ও কলকাতায় বাংলাদেশের কূটনৈতিক দপ্তরগুলির সামনে কয়েকটি সংগঠনের বিক্ষোভের ঘটনাও ঘটে। সেই প্রেক্ষিতেই ভিসা ইস্যু স্থগিত করা হয়েছিল। দু’মাসের মধ্যে পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত বদল করা হল।

Advertisement

অন্যদিকে, ভারতও বাংলাদেশিদের ভিসা পরিষেবায় কড়াকড়ি আরোপ করেছিল। চিকিৎসা ও ‘ডবল-এন্ট্রি’ ভিসা ছাড়া অধিকাংশ ক্যাটাগরির আবেদন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ছিল। তবে এবার সেই পরিষেবাও ধাপে ধাপে চালুর প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত অনিরুদ্ধ দাস।

Advertisement

রাজনৈতিক পালাবদলের পর দুই দেশের সম্পর্কে নতুন বার্তা মিলছে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষে নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হিসেবে ১৭ ফেব্রুয়ারি শপথ নিয়েছেন তারেক রহমান। তাঁর শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়। ভারতের প্রতিনিধিত্ব করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সম্প্রতি ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালও সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দিয়েছেন। যদিও ভিসা চালু নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, কূটনৈতিক মহলে ইতিবাচক বার্তাই জোরালো হচ্ছে।

Advertisement