• facebook
  • twitter
Saturday, 21 February, 2026

তৎপর আওয়ামী লীগ, চট্টগ্রামে ঝটিকা মিছিল ঘিরে গ্রেপ্তারি ও উত্তেজনা

ময়মনসিংহ জেলার তারকান্দা উপজেলায় বৃহস্পতিবার আওয়ামী লীগ সমর্থকরা একটি বন্ধ কার্যালয় খুললে গভীর রাতে সেখানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

প্রতীকী চিত্র

মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ‘কার্যকলাপ নিষিদ্ধ’ ঘোষণা করার পরেও বাংলাদেশে রাজনৈতিক তৎপরতা বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসার প্রেক্ষিতে দলটির পুনরুত্থানের প্রচেষ্টা আরও জোরদার হয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

শুক্রবার বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রামে ঝটিকা মিছিল ঘিরে উত্তেজনা ছড়ায়। কোতোয়ালি থানার রাইফেল ক্লাবের সামনে আয়োজিত ওই মিছিল থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন যুবলীগের আট নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের কাছ থেকে একটি ব্যানার বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম পুলিশ। ‘কার্যকলাপ নিষিদ্ধ’ ঘোষণার পরেও মিছিল করার অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে।

Advertisement

এদিকে, বিভিন্ন জেলায় দীর্ঘদিন বন্ধ থাকা দলীয় কার্যালয় খোলার চেষ্টা ঘিরেও অশান্তির খবর মিলেছে। ময়মনসিংহ জেলার তারকান্দা উপজেলায় বৃহস্পতিবার আওয়ামী লীগ সমর্থকরা একটি বন্ধ কার্যালয় খুললে গভীর রাতে সেখানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলার জন্য জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কর্মী-সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময়ও তারকান্দার ওই দপ্তরে হামলার ঘটনা ঘটেছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

Advertisement

শুক্রবার রাজবাড়ি জেলার পাশাং উপজেলা কার্যালয়ও পুনরায় খোলা হয়েছে বলে খবর। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো-র প্রতিবেদন অনুযায়ী, প্রাক্তন রেলমন্ত্রী ও আওয়ামী লীগের প্রবীণ নেতা জিল্লুর হাকিমের পুত্র মিতুল ও তাঁর অনুগামীরা ওই দপ্তরটি খুলেছেন। কার্যালয়ের সামনে টাঙানো ব্যানারে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, জিল্লুর হাকিম, মিতুল এবং হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়ের ছবি রয়েছে।

নিষেধাজ্ঞা সত্ত্বেও মাঠে সক্রিয় হওয়ার প্রচেষ্টা ঘিরে বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ক্রমেই তীব্র হচ্ছে। একদিকে অন্তর্বর্তী সরকারের কড়া অবস্থান, অন্যদিকে ক্ষমতাচ্যুত দলের পুনর্গঠনের চেষ্টা— এই দুইয়ের টানাপোড়েনে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়।

Advertisement