• facebook
  • twitter
  • youtube
Monday, 5 October, 2026

আমেরিকায় মিডটার্ম নির্বাচনের আগে ২ কোটি প্রবীণকে ৯০ ডলারের চেক দেওয়ার ঘোষণা, ট্রাম্পের নতুন ভোট কৌশল

ট্রাম্প অবশ্য তাঁর পোস্টে এই তহবিলকে ‘স্লাশ ফান্ড’ বলে উল্লেখ করেছেন। তাঁর দাবি, এই অর্থ এবং তাঁর ‘মোস্ট ফেভার্ড নেশনস’ নীতির আওতায় ওষুধের দাম কমানোর চুক্তি—দুইয়ের ফলে প্রবীণদের চিকিৎসা খরচ কমবে

আমেরিকায় মিডটার্ম নির্বাচনের আগে ২ কোটি প্রবীণকে ৯০ ডলারের চেক দেওয়ার ঘোষণা, ট্রাম্পের নতুন ভোট কৌশল

Image Source: Truth Social

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) শুক্রবার জানিয়েছেন, ২ কোটিরও বেশি প্রবীণ নাগরিকদের মেডিকেয়ারের পার্ট বি প্রিমিয়ারের খরচ বাবদ এককালীন চেক দেওয়া হবে। এই খাতে প্রায় ২০০ কোটি ডলার খরচ হবে বলে মনে করা হচ্ছে। হোয়াইট হাউসের তথ্যপত্র অনুযায়ী, প্রত্যেক যোগ্য ব্যক্তিকে ৯০ ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে আট হাজার টাকা করে দেওয়া হবে। যদিও ট্রাম্প (Donald Trump) তাঁর ট্রুথ সোশ্যালে করা পোস্টে অর্থের পরিমাণ ‘প্রায় ১০০ ডলার’ বলে উল্লেখ করেছেন। ৩ নভেম্বর মিডটার্ম নির্বাচন। তার ঠিক এক মাস আগে এই ঘোষণা করা হয়েছে।

সেন্টারস ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেড সার্ভিসেস (CMS) জানিয়েছে, মোট ২ কোটি ৮ লাখ মার্কিন নাগরিককে এই অর্থ দেওয়া হবে। বর্তমানে প্রায় ৬ কোটি ৪০ লাখ প্রবীণ নাগরিক মেডিকেয়ারে নথিভুক্ত। অর্থাৎ, তাঁদের প্রত্যেকেই এই সুবিধা পাবেন না।

অধিকাংশ যোগ্য ব্যক্তি অক্টোবরের গোড়াতেই সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। যাঁদের ডাইরেক্ট ডিপোজিটের ব্যবস্থা নেই, তাঁদের মেডিকেয়ারে নথিভুক্ত ঠিকানায় ডাকযোগে চেক পাঠানো হবে। এটি এককালীন রিবেট। প্রতি মাসে এই টাকা দেওয়া হবে না।

তাই প্রবীণ নাগরিকদের চলতি মাসে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ডাকবাক্সের দিকে নজর রাখতে বলা হয়েছে। পাশাপাশি, মেডিকেয়ারের কাছে তাঁদের বর্তমান ঠিকানা নথিভুক্ত রয়েছে কি না, সেটিও দেখে নিতে বলা হয়েছে।

আরও পড়ুন: ট্রাম্পের মেয়াদের পরেও চলতে পারে ইরান যুদ্ধ, সামরিক বিকল্প খোলা রাখছে হোয়াইট হাউস

এই অর্থ দেওয়া হবে ‘মেডিকেয়ার ইমপ্রুভমেন্ট ফান্ড’ থেকে। ২০০৮ সালে কংগ্রেস এই তহবিল তৈরি করে এবং সেখানে ২০০ কোটি ডলার রাখা হয়। মেডিকেয়ারের ‘ফি-ফর-সার্ভিস’ ব্যবস্থার উন্নতির জন্য এই অর্থ ব্যবহারের কথা ছিল। এর আগে কোনও প্রশাসন এই তহবিল থেকে অর্থ নেয়নি।

ট্রাম্প (Donald Trump) অবশ্য তাঁর পোস্টে এই তহবিলকে ‘স্লাশ ফান্ড’ বলে উল্লেখ করেছেন। তাঁর দাবি, এই অর্থ এবং তাঁর ‘মোস্ট ফেভার্ড নেশনস’ নীতির আওতায় ওষুধের দাম কমানোর চুক্তি—দুইয়ের ফলে প্রবীণদের চিকিৎসা খরচ কমবে।

‘দ্য ওয়াশিংটন পোস্ট’-কে এক আধিকারিক জানিয়েছেন, ২০০৮ সালের পর থেকে নির্দিষ্ট উদ্দেশ্যে এই তহবিল ব্যবহার করা হয়নি। তবে কংগ্রেসের বাজেট সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপে দুই দলই এই অর্থ ব্যবহার করেছে।

স্বাস্থ্যনীতি বিশেষজ্ঞ ল্যারি লেভিটের মতে, এই তহবিল সংক্রান্ত আইনটি যথেষ্ট বিস্তৃত। ফলে প্রশাসন কীভাবে এই অর্থ খরচ করবে, সে বিষয়টি দেখার। বর্তমানে মেডিকেয়ারের পার্ট বি-এর স্ট্যান্ডার্ড মাসিক প্রিমিয়াম ২০২.৯০ ডলার। অর্থাৎ, এককালীন ৯০ ডলারের চেক এক মাসের প্রিমিয়ামের অর্ধেকেরও কম।

এক বছরে এই প্রিমিয়ামের মোট খরচ দাঁড়ায় প্রায় ২,৪৩৫ ডলার। সেই হিসেবে এককালীন ৯০ ডলারের অর্থ পুরো বছরের প্রিমিয়ামের ৪ শতাংশেরও কম। নির্দিষ্ট আয়ের উপর নির্ভরশীল অবসরপ্রাপ্তদের জন্য এই অর্থ কিছুটা স্বস্তি দিতে পারে, তবে সামগ্রিক খরচের তুলনায় তা সীমিত।

মিডটার্ম নির্বাচনের আগে রিপাবলিকানরা কংগ্রেসে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার চেষ্টা চালাচ্ছে। সাম্প্রতিক জনমত সমীক্ষায় দেখা গিয়েছে, ১৭ শতাংশ আমেরিকান মূল্যবৃদ্ধির জন্য ট্রাম্পের ভূমিকাকেই দায়ী করেছেন। ট্রাম্প অবশ্য এ সব বিষয়ে পাত্তা দেননি। তিনি আমেরিকার অর্থনীতি আগের চেয়ে বেশি শক্তিশালী হওয়ার কথা বলেছেন।

আরও পড়ুন: ভয়ঙ্কর হামলার ছক! ৯/ ১১-র অনুকরণে পরিকল্পনা, ফ্লাইদুবাই কো-পাইলটের মুখে চাঞ্চল্যকর তথ্য

এই পরিস্থিতিতে প্রবীণ ভোটাররা গুরুত্বপূর্ণ। সাধারণত তাঁদের ভোটদানের হার বেশি এবং দুই রাজনৈতিক দলই এই ভোটব্যাঙ্ককে গুরুত্ব দেয়। ফলে ২ কোটিরও বেশি প্রবীণকে সরাসরি অর্থ দেওয়ার ঘোষণা নির্বাচনের আগে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

গত সপ্তাহে প্রায় ১০ লাখ ‘অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট’ বা ওবামাকেয়ার-এ নথিভুক্ত ব্যক্তিকে ৫০০ ডলারের চেক পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ট্রাম্প (Donald Trump) জানিয়েছেন, ৯০ ডলারের এই অর্থ সেই রিফান্ডের থেকে সম্পূর্ণ আলাদা।

স্বাস্থ্যনীতি বিশেষজ্ঞ ল্যারি লেভিট CNN-কে বলেছেন, ট্রাম্প প্রশাসন অপরিচিত তহবিল ব্যবহার করে নির্বাচনের আগে মানুষের কাছে পৌঁছে যেতে চাইছেন। এটি একটি নির্বাচনী কৌশল বলে তিনি মনে করেন।

২০২০ সালের সেপ্টেম্বরে ট্রাম্প (Donald Trump)  মেডিকেয়ার সুবিধাভোগীদের জন্য ২০০ ডলারের ওষুধ-ছাড়ের কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।তখন তিনি জানিয়েছিলেন, প্রায় ৩ কোটি ৩০ লাখ মানুষ এই কার্ড পাবেন। কিন্তু সেই পরিকল্পনার বিস্তারিত তথ্য সে সময় স্পষ্ট ছিল না। অক্টোবরের গোড়াতেই অর্থ পাঠানো হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

এই ঘোষণা ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে। সমর্থকদের মত, সীমিত আয়ের প্রবীণদের সরাসরি আর্থিক সহয়তা কিছুটা হলেও স্বস্তি দেবে। অন্যদিকে বিরোধীদের মত, নির্বাচনের ঠিক আগে এই অর্থ দিয়ে রাজনৈতিক ফায়দা লুটের চেষ্টা করা হচ্ছে।

তবে প্রশ্ন থেকেই যাচ্ছে। সব যোগ্য প্রবীণ কি সময়মতো টাকা পাবেন? এই তহবিল ব্যবহারের বিরুদ্ধে কোনও আইনি চ্যালেঞ্জ উঠবে কি? নির্বাচনের ঠিক আগে অব্যবহৃত একটি তহবিল থেকে অর্থ নেওয়ার সিদ্ধান্ত নিয়ে কংগ্রেস কি প্রশ্ন তুলবে? এটাই এখন দেখার।

দেখুন: