• facebook
  • twitter
  • youtube
Sunday, 13 September, 2026

দীর্ঘদিন অনুসরণের পর ক্যালিফোর্নিয়ায় ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে খুন, আত্মঘাতী অভিযুক্ত

শালিনীর মা কুমারী পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, তাঁর মেয়েকে যথেষ্ট নিরাপত্তা দেওয়া হয়নি। ঘটনার প্রায় এক ঘণ্টা আগে মেয়ের সঙ্গে শেষবার কথা হয়েছিল তাঁর। শালিনী ১৫ মিনিট পর ফের ফোন করবেন বললেও আর ফোন করেননি।

দীর্ঘদিন অনুসরণের পর ক্যালিফোর্নিয়ায় ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে খুন, আত্মঘাতী অভিযুক্ত

Photo: Statesman

ক্যালিফোর্নিয়ায় এক ভারতীয় বংশোদ্ভূত মহিলাকে গুলি করে খুন করার অভিযোগ উঠেছে। ৩৮ বছর বয়সি শালিনী ঠাকুরকে অনুসরণ ও হয়রানির অভিযোগ উঠেছিল ২২ বছরের অভিযুক্ত রোহিতের বিরুদ্ধে। সেই গুলি করে শালিনীকে হত্যা করে। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষে অভিযুক্তও আত্মঘাতী হয়। সেই হত্যার ঘটনায় সামনে এল ভয়াবহ তথ্য। অভিযোগ, কয়েক মাস ধরে শালিনীকে অনুসরণ করছিল রোহিত। শালিনীর গাড়ির টায়ারের হাওয়া বের করে দেওয়া। গাড়ির নীচে গোপনে অ্যাপেল এয়ারট্যাগ লুকিয়ে নজরদারি চালানো এবং কর্মস্থলে যাওয়ার সময় শালিনীকে অনুসরণ করার মতো ঘটনা ঘটেছিল।

এমনকী শালিনীর ফ্ল্যাটের চাবি নকল করে তাঁর বাড়িতে রোহিত ঢুকেছিল বলেও তদন্তকারীরা জানতে পেরেছে। সেই সময়ে শালিনী ঘুমিয়ে ছিলেন। একটি প্রতিবেদন অনুযায়ী, অন্তত জানুয়ারি মাস থেকেই শালিনীকে অনুসরণ ও হয়রানি করছিল রোহিত। শালিনী বিষয়টি পুলিশকে জানিয়েছিলেন। গত মে মাসে রোহিতের বিরুদ্ধে শালিনী সিভিল হ্যারাসমেন্ট রেস্ট্রেনিং অর্ডারও নিয়েছিলেন। সেই নির্দেশ অনুযায়ী, রোহিতকে শালিনীর বাড়ি ও কর্মস্থল থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। ১৯ মে তাঁকে ব্যক্তিগতভাবে ওই নির্দেশের নথি দেওয়া হয়েছিল।

জুলাইয়ে ফের রোহিতের বিরুদ্ধে অভিযোগ জানান শালিনী। ২৯ জুলাই তাঁর বাড়িতে কিছু মুদিখানার সামগ্রী পৌঁছয়, যা রোহিত পাঠিয়েছে বলে তাঁর সন্দেহ হয়। পুলিশ ঘটনাটি তদন্ত করে এবং রোহিতের বিরুদ্ধে রেস্ট্রেনিং অর্ডার ভাঙার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা যেতে পারে বলে মনে করে। সেই মতো পুলিশ রোহিতের খোঁজ শুরু করে। কিন্তু তাঁর বাড়ি ও পরিচিত কয়েকটি জায়গায় অন্তত ২ বার খোঁজ করেও পুলিশ রোহিতকে পায়নি।

এরপর মঙ্গলবার শালিনী কর্মস্থলে যাওয়ার সময়ে রোহিত তাঁর উপরে হামলা চালায়। স্যাক্রামেন্টো কাউন্টি শেরিফের অফিসের তথ্য অনুযায়ী, শালিনী স্যাক্রামেন্টোর আর্ডেন আর্কেড এলাকার একটি শপিং প্লাজায় কাজ করতেন। সেদিন শালিনী কর্মস্থলে পৌঁছনোর পর রোহিত তাঁর সামনে এসে দাঁড়ায়। দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। শালিনী সেখান থেকে পালানোর চেষ্টা করলে রোহিত তাঁকে ধাওয়া করে। তারপরেই রোহিত একটি রেস্তোরাঁর বাইরে শালিনীকে একাধিকবার গুলি করে। ঘটনাস্থলেই শালিনীর মৃত্যু হয়।

পুলিশ পরে রোহিতের গাড়ির নম্বর শনাক্ত করে। পুলিশ রোহিতকে ফলো করে গাড়ি থামানোর চেষ্টা করে। পরে গাড়িটি হাইওয়েতে দাঁড়িয়ে পড়ে। এরপরেই পুলিশ গাড়ির ভিতর থেকে রোহিতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। তদন্তকারীরা জানান, নিজের গুলিতেই রোহিতের মৃত্যু হয়েছে। পুলিশের গুলিতে তাঁর মৃত্যু হয়নি বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

শালিনীর মা কুমারী পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, তাঁর মেয়েকে যথেষ্ট নিরাপত্তা দেওয়া হয়নি। ঘটনার প্রায় এক ঘণ্টা আগে মেয়ের সঙ্গে শেষবার কথা হয়েছিল তাঁর। শালিনী ১৫ মিনিট পর ফের ফোন করবেন বললেও আর ফোন করেননি। স্বামীকে ২ বছর আগে হারানো কুমারী জানান, শালিনীই ছিলেন তাঁর একমাত্র সন্তান।

আরও পড়ুন: বিশ্বের ভবিষ্যৎ নিয়ে ব্রিকসের ভাবনা, অন্তিম দিনে প্রযুক্তি ও উন্নয়ন নিয়ে আলোচনা

অন্যদিকে, শেরিফের দপ্তর জানিয়েছে, তদন্তকারীরা কয়েক মাস ধরে শালিনীর সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। তাঁকে আইনি সুরক্ষা নেওয়ার পরামর্শও দিয়েছিলেন। তবে পুলিশ স্বীকার করেছে, জুলাইয়ের অভিযোগের পর রোহিতকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।