ইদের আগেই বাংলাদেশে রীতিমতো চর্চার কেন্দ্রে উঠে এসেছে ‘ডোনাল্ড ট্রাম্প’। তবে তিনি মার্কিন প্রেসিডেন্ট নন, একটি বিরল অ্যালবিনো মোষ। প্রথমে জানা গিয়েছিল, ইদের দিন কোরবানি করা হবে ওই মোষটিকে। সেই খবর ছড়াতেই সামাজিক মাধ্যমে ব্যাপক চর্চা শুরু হয়। দূরদূরান্ত থেকে বহু মানুষ ভিড় জমাতে থাকেন শুধু এক ঝলক ‘ট্রাম্প’-কে দেখার জন্য।
ফ্যাকাসে সাদা রঙের প্রায় ৭০০ কেজি ওজনের এই মোষটি খুব দ্রুতই স্থানীয়দের কাছে সেলিব্রিটিতে পরিণত হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিশাল চেহারা হলেও মোষটির স্বভাব অত্যন্ত শান্ত। দর্শনার্থীদের অনেকে তার গায়ে হাত বুলিয়ে ছবি তুলেছেন, কেউ আবার ভিডিও করে সমাজমাধ্যমে পোস্ট করেছেন। সেই সব ভিডিও ভাইরাল হতেই জনপ্রিয়তা আরও বেড়ে যায়।
Advertisement
তবে ইদের ঠিক এক দিন আগে বদলে যায় পরিস্থিতি। সিদ্ধান্ত নেওয়া হয়, মোষটিকে আর কোরবানি করা হবে না। বরং সংরক্ষণ করা হবে। এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, ‘ডোনাল্ড ট্রাম্প’ নামে ভাইরাল হওয়া এই অ্যালবিনো মোষটি বিরল প্রজাতির। ইদের সময় তাকে কোরবানি করা হলে জনতার ভিড় এবং উত্তেজনা থেকে বিশৃঙ্খলা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই কারণেই তিনি নিজে মোষটি কিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
Advertisement
বর্তমানে মোষটি একটি খামারে রাখা হয়েছে। পরে সেটিকে চিড়িয়াখানায় স্থানান্তর করা হবে বলে জানা গিয়েছে। অন্য দিকে, মোষটির বিক্রেতা জিয়াউদ্দিন জানিয়েছেন, ‘ট্রাম্প’ বরাবরই শান্ত স্বভাবের। তবে তাঁর খামারে থাকা ‘বেঞ্জামিন নেতানিয়াহু’ নামের আর এক মোষ নাকি একেবারেই উল্টো স্বভাবের এবং বেশ বদমেজাজি। সেই মোষটি ইতিমধ্যেই ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে।
Advertisement



