• facebook
  • twitter
  • youtube
Saturday, 20 June, 2026

দক্ষিণে পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, উত্তরেও লাল সতর্কতা

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার ও রবিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে

শুক্রবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হওয়ায় খানিক স্বস্তি মিলেছে। তবে শনিবারও দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতায় বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার ও রবিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে।

আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত কলকাতা ও হাওড়া জেলায়ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এসব জেলায় বৃষ্টির পরিমাণ ২০ সেন্টিমিটারেরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার পর্যন্ত এই তিন জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়েও সোমবার পর্যন্ত ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। আাগমী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তর দিাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে তুলনামূলকভাবে কম বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণেও আগামী শুক্রবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। যদিও সমুদ্রে থাকা মৎস্যজীবীদের জন্য এখনও কোনও বিশেষ সতর্কতা জারি করা হয়নি। আগামী সাত দিনে উত্তর ও দক্ষিণে তাপমাত্রার বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনাও নেই। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকেরর থেকে ২.৪ ডিগ্রি কম।