• facebook
  • twitter
  • youtube
Tuesday, 8 September, 2026

মুম্বইয়ের পাশে লোনাভলায় চার একর জমি কিনলেন শচীন তেন্ডুলকর, কত টাকা ঢাললেন?

ব্যাট হাতে কোটি কোটি ক্রিকেটপ্রেমীর মন জিতেছেন। এ বার রিয়েল এস্টেটেও বড় বিনিয়োগ করলেন শচীন তেন্ডুলকর। মহারাষ্ট্রের জনপ্রিয় পাহাড়ি শহর

মুম্বইয়ের পাশে লোনাভলায় চার একর জমি কিনলেন শচীন তেন্ডুলকর, কত টাকা ঢাললেন?

pic-x

ব্যাট হাতে কোটি কোটি ক্রিকেটপ্রেমীর মন জিতেছেন। এ বার রিয়েল এস্টেটেও বড় বিনিয়োগ করলেন শচীন তেন্ডুলকর। মহারাষ্ট্রের জনপ্রিয় পাহাড়ি শহর লোণাভলায় প্রায় ৩.৮৬ একর জমি কিনলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি।

সম্পত্তি রেজিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, গত ৪ সেপ্টেম্বর তিনটি আলাদা ‘কনভেয়েন্স ডিড’-এর মাধ্যমে এই কেনাকাটা সম্পূর্ণ হয়েছে। সব মিলিয়ে জমির পরিমাণ ১৫,৬০১.৭৮ বর্গমিটার, অর্থাৎ প্রায় ১.৬৮ লক্ষ বর্গফুট। লোণাভালার ‘এইচ ওয়ার্ড’-এর চারটি সিটি সার্ভে নম্বরের আওতায় রয়েছে এই সম্পত্তিগুলি।

তিনটি প্লটের মধ্যে সবচেয়ে বড়টির মূল্য ৬৩.৬৯ কোটি টাকা। সেখানে প্রায় ৩.০৯ একর জমির সম্পূর্ণ মালিকানা পেয়েছেন শচীন। বাকি দু’টি সম্পত্তির জন্য যথাক্রমে ৪.৫৬ কোটি এবং ১.৭৫ কোটি টাকা খরচ হয়েছে। ওই দুই সম্পত্তিতে শচীনের রয়েছে ৫০ শতাংশ করে অবিভক্ত অংশীদারি। অর্থাৎ, এই সম্পত্তি কেনার জন্য মোট খরচ হয়েছে প্রায় ৭০ কোটি টাকা। জানা গিয়েছে, নন্দন ধনঞ্জয় মেহতা এবং বিবস্বত ধনঞ্জয় মেহতার কাছ থেকেই এই তিনটি সম্পত্তি কিনেছেন শচীন।

রিয়েল এস্টেট সংক্রান্ত তথ্য বিশ্লেষণকারী সংস্থা জ্যাপকির হিসাব অনুযায়ী, তিনটি লেনদেন মিলিয়ে প্রতি বর্গফুটে কার্যকর দাম পড়েছে প্রায় ৪,১৬৮ টাকা। সম্পত্তিগুলির মধ্যে প্রায় ২,১০০ বর্গফুটের একটি নির্মিত কাঠামোও রয়েছে।

লোনাভলা বরাবরই মুম্বইয়ের ধনী এবং তারকাদের পছন্দের ‘সেকেন্ড হোম’ গন্তব্য। পাহাড়ে ঘেরা সবুজ পরিবেশ এবং মুম্বইয়ের কাছাকাছি অবস্থানের কারণে এই এলাকায় বিলাসবহুল সম্পত্তির চাহিদা যথেষ্ট। সেই লোনাভলাতেই এ বার বড়সড় জমি কিনলেন শচীন।

এর আগেও একাধিক দামি সম্পত্তি কিনেছেন তিনি। তাঁর প্রধান বাসস্থান মুম্বইয়ের বান্দ্রা ওয়েস্টে। এ ছাড়াও আলিবাগে তাঁর একটি ভিলা রয়েছে। ফলে লোনাভলার এই নতুন কেনাকাটা তাঁর রিয়েল এস্টেট পোর্টফোলিওকে আরও সমৃদ্ধ করল, বলা যায়।

তবে এই লেনদেন নিয়ে শচীন কোনও মন্তব্য করেননি। তাই কেন এই বিপুল জমি কিনলেন, সেখানে ভবিষ্যতে কী করার পরিকল্পনা রয়েছে—তা এখনও জানা যায়নি। তবে ক্রিকেটের ২২ গজের পর এ বার যে রিয়েল এস্টেটেও বড় ‘শট’ হাঁকাতে চলেছেন তিনি, তা আন্দাজ করাই যায়।