• facebook
  • twitter
Sunday, 24 May, 2026

‘প্রেমরোগ’ শুনেছিলেন কিন্তু ‘প্রেম বোরখা’ জানতেন?

এ যেন ছিল রুমাল হয়ে গেল বিড়ালের মত ঘটনা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও দেখে এমনটাই সামনে এসেছে।

লালগোলা থেকে কলকাতাগামী ধনধান্য এক্সপ্রেসে রবিবার এমন এক ঘটনা ঘটল, যা দেখে যাত্রীরা প্রথমে চমকে গেলেও পরে হাসিতে ফেটে পড়েন। ট্রেনের এক কামরায় বোরখা পরে চুপচাপ বসে ছিলেন এক ‘রহস্যময়ী মহিলা’। কিন্তু কিছুক্ষণ পরেই যাত্রীদের সন্দেহ হতে শুরু করে। কারও মতে হাঁটার স্টাইল “একটু বেশি পুরুষালি”, আবার কেউ বলেন, “বোরখার ভিতর থেকে গোঁফের আভাস দেখা যাচ্ছিল!”

এরপরই শুরু হয় ‘রেল কামরার গোয়েন্দাগিরি’। কয়েকজন যাত্রী মিলে ওই বোরখাধারীকে ঘিরে ফেলেন। কেউ বললেন, “দিদি, কোথায় যাবেন?” আবার কেউ সন্দেহের সুরে বলে ওঠেন, “গলাটা একটু বেশি ভারী না?” পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে শেষ পর্যন্ত বোরখা খুলতেই হয়।

Advertisement

আর তারপরেই সিনেমার ক্লাইম্যাক্স! বোরখার আড়াল থেকে বেরিয়ে এলেন এক যুবক। মুহূর্তে কামরাজুড়ে চাঞ্চল্য। কেউ হাঁ করে তাকিয়ে, কেউ আবার হেসে গড়াগড়ি। এক যাত্রীর মন্তব্য, “এ তো একেবারে বলিউডের লো বাজেট প্রেম কাহিনি!”

Advertisement

জিজ্ঞাসাবাদ শুরু হতেই যুবক লাজুক মুখে জানায়, তিনি নাকি প্রেমিকার সঙ্গে দেখা করতে কলকাতা যাচ্ছিলেন। কিন্তু বাড়ির লোক বা পরিচিতদের চোখ এড়াতেই এই অভিনব ছদ্মবেশ। তাঁর যুক্তি, “প্রেম করতে গেলে একটু রিস্ক তো নিতেই হয়!”

এক বৃদ্ধ যাত্রী সঙ্গে সঙ্গে বলে ওঠেন, “আমাদের সময় প্রেমপত্র লিখতাম, এখনকার ছেলেরা পুরো কস্টিউম ড্রামা করছে!” আরেকজনের মন্তব্য, “শাহরুখ খানও এত ডেডিকেশন দেখায়নি!”

ঘটনার ভিডিও মুহূর্তে মোবাইল থেকে মোবাইলে ছড়িয়ে পড়ে। কেউ যুবককে “বোরখা বাহাদুর” তকমা দেন, কেউ আবার বলেন “লাভ জিহাদ নয়, এটা লাভ জুগাড়!”

তবে পুরো ঘটনার মাঝে সবচেয়ে মজার মন্তব্য করেন এক চা-বিক্রেতা। তিনি বলেন, “দাদা, প্রেমে মানুষ অন্ধ হয় শুনেছিলাম, আজ দেখলাম প্রেমে মানুষ বোরখাও পরে!”

শেষ পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যুবকও নিরাপদেই নিজের গন্তব্যে রওনা দেন। তবে ধানো ধান্যে এক্সপ্রেসের ওই কামরার যাত্রীরা এদিন ফ্রি-তে যে ‘লাইভ কমেডি শো’ পেলেন, তা বোধহয় বহুদিন মনে রাখবেন!

Advertisement