• facebook
  • twitter
Wednesday, 25 March, 2026

রিমোট সেন্সিং, ক্লাউড কম্পিউটিং, ড্রোন প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক আলোচনা

বিধাননগর কলেজে অনুষ্ঠিত আন্তর্জাতিক কর্মশালায় ক্লাউড কম্পিউটিং এবং ড্রোন প্রযুক্তির মতো জিওস্পেশিয়াল প্রযুক্তির গুরুত্ব, জিআইএস ও রিমোট সেন্সিং নিয়ে শিক্ষক ও ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হল।

নিজস্ব গ্রাফিক্স চিত্র

বর্তমান যুগে গবেষণা, পরিকল্পনা ও উন্নয়নের ক্ষেত্রে ভূ-স্থানিক প্রযুক্তির গুরুত্ব ক্রমেই বাড়ছে। এই আধুনিক প্রযুক্তি সম্পর্কে শিক্ষক ও ছাত্রছাত্রীদের আরও দক্ষ ও সমৃদ্ধ করে তুলতে কলকাতার বিধাননগর কলেজে অনুষ্ঠিত হল দু’দিনের আন্তর্জাতিক আলোচনাসভা।

কলেজের ভূগোল বিভাগ, অভ্যন্তরীণ গুণমান নিশ্চয়তা সেল এবং ইন্টিগ্রেটেড ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড ইনফরমেশন-এর যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। আলোচনাসভায় একবিংশ শতকে ভূ-স্থানিক প্রযুক্তির দ্রুত পরিবর্তন এবং তার বহুমুখী প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

Advertisement

অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট বিজ্ঞানী অদিতি মুখার্জী, ডিভিসির সহযোগী বিশেষজ্ঞ সৌরভ কুন্ডু এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপিকা মেরি বিশ্বাস তাঁদের বক্তব্যে এই প্রযুক্তির বাস্তব প্রয়োগ এবং ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরেন।

Advertisement

বিধাননগর কলেজের সহযোগী অধ্যাপক ড. অত্রেয় পাল জানান, ‘এই ধরনের আলোচনাসভা ছাত্রছাত্রী ও শিক্ষকদের ভূ-স্থানিক প্রযুক্তি সম্পর্কে আরও সমৃদ্ধ করে তুলবে এবং তাদের বাস্তব ক্ষেত্রের জন্য প্রস্তুত করবে।’

কলেজের অধ্যক্ষ ড. সৌরভ চক্রবর্তী বলেন, ‘বর্তমান সময়ে ভূ-স্থানিক প্রযুক্তির দ্রুত পরিবর্তন শুধু গবেষণা বা প্রযুক্তিগত ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, শিক্ষাক্ষেত্রেও এর প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাত্রছাত্রীদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করা এবং শিক্ষকদের দক্ষ করে তুলতে এই ধরনের উদ্যোগ বিশেষ প্রয়োজন।’

অন্যদিকে, ইন্টিগ্রেটেড ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড ইনফরমেশন-এর নির্দেশক রাহুল চক্রবর্তী জানান, ‘এই কর্মশালার মূল লক্ষ্য ছিল জিআইএস ও রিমোট সেন্সিং সম্পর্কে শিক্ষক ও ছাত্রছাত্রীদের সুস্পষ্ট ধারণা দেওয়া। নতুন শিক্ষানীতির আওতায় ছাত্রছাত্রীদের ইন্টার্নশিপের মাধ্যমে শিল্পক্ষেত্রের জ্ঞান দেওয়ার জন্য আমরা ক্লাউড কম্পিউটিং ও ড্রোন প্রযুক্তির ব্যবহার করছি। এই প্রযুক্তিগুলির বাস্তব প্রয়োগ সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে তারা সঠিকভাবে এগিয়ে যেতে পারে।’

Advertisement