দোহায় রাইজিং স্টার এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে বৈভবের ৫৩ বলে ২০৪ রানের ইনিংস এখন ক্রিকেটের আলোচনার কেন্দ্রে। মাত্র ২৮ বলে শতরান এবং ৫২ বলে দ্বিশতরান পূর্ণ করেন তিনি। ইনিংসে মেরেছেন ২৮টি ছক্কা ও সাতটি চার। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের সৌজন্যে মাত্র ১৪.২ ওভারে ২৫০ রানের লক্ষ্য পার করে দেয় ভারতীয় ‘এ’ দল।
কিন্তু এই ইনিংসের পিছনে রয়েছে এক অন্য গল্প। ব্যাট হাতে এমন বিস্ফোরণের আগে নিজের সেরা জায়গায় ছিলেন না। পর পর কয়েকটি ম্যাচে রান না পাওয়ায় কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তিনি। তখনই ফোন করেন তাঁর আইডল যুবরাজকে।
বিসিসিআইয়ের প্রকাশ করা একটি ভিডিওয় বৈভব জানিয়েছেন, ম্যাচের আগে চার জনের সঙ্গে কথা বলেছিলেন তিনি। তাঁদের মধ্যে ছিলেন বাবা, ছোটবেলার কোচ মনীশ ওঝা, অনূর্ধ্ব-১৯ দলের সতীর্থ প্রথম জাচক এবং যুবরাজ সিং।
যুবরাজের সঙ্গে প্রায় আধ ঘণ্টা কথা হয় তাঁর। বৈভব বলেন, ‘যুবরাজ স্যরের সঙ্গে প্রায় আধ ঘণ্টা কথা বলেছি। ব্যাটিং নিয়ে অনেক কিছু বুঝিয়েছেন উনি। আমি বেশ চিন্তায় ছিলাম। তাই ওঁকে খোলাখুলি বলেছিলাম, ব্যাট করতে নামলে কী কী সমস্যার মুখে পড়ছি।’’
এর পরেই যুবরাজ তাঁকে কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। বৈভবের কথায়, ‘উনি আমাকে অনেক কিছু বুঝিয়েছেন। একটা কথা বিশেষ করে বলেছিলেন, প্রথম ২০টা বল খেলতে পারলে তার পরের রানটা অন্য রকম হবে। ব্যাটিংয়ের বেশ কিছু খুঁটিনাটি বিষয়ও বুঝিয়েছিলেন। সেটা আমাকে খুব সাহায্য করেছে।’
শুধু যুবরাজের পরামর্শ শোনাই নয়, নিজের ব্যাটিংয়ের ভিডিও-ও খুঁটিয়ে দেখেছিলেন বৈভব। তাতেই বুঝতে পারেন, কোথায় ভুল হচ্ছিল তাঁর।
তরুণ ব্যাটার বলেন, ‘শেষ দু’টি ম্যাচ এবং কয়েকটি ঘরোয়া ম্যাচে আমি রান করতে পারিনি। মনটা কিছুটা অন্য দিকে চলে যাচ্ছিল। বার বার ভাবছিলাম, কী হচ্ছে আমার সঙ্গে! কিন্তু যুবরাজ স্যরের সঙ্গে কথা বলার পরে অনেক কিছু পরিষ্কার হয়ে যায়। উনি আমার আদর্শ। এই সময়েই তাঁর প্রতিটি কথা মন দিয়ে শোনা উচিত। আমিও সেটাই করেছি।’
তিনি আরও বলেন, ‘ব্যাটিংয়ের ভিডিও দেখেছিলাম। বুঝতে পেরেছিলাম, কয়েকটি জায়গায় ভুল করছি। সেই ভুলগুলো না করার চেষ্টা করেছি। যুবরাজ স্যর যা বলেছিলেন, সেগুলো অনুসরণ করেছি। উনি আমাকে অনেক সাহায্য করেছেন।’
বৈভবের এই ইনিংস শুধু মারকুটে ব্যাটিংয়ের উদাহরণ নয়, পরিস্থিতি বুঝে খেলার ক্ষমতারও প্রমাণ। আমিরশাহির বিরুদ্ধে প্রথমে উইকেটের চরিত্র বুঝে নিয়েছিলেন তিনি। তার পরে নিজের স্বাভাবিক আক্রমণাত্মক ব্যাটিংয়ে ফিরে যান।
বৈভবের কথায়, ‘প্রথমে উইকেটটা কেমন, সেটা বোঝার পরিকল্পনা ছিল। কয়েকটি বল খেলে দেখেছিলাম। বল ব্যাটে খুব ভাল আসছিল। তাই নিজের স্বাভাবিক খেলায় ভরসা রেখেছিলাম।’’
তিন ধরনের ক্রিকেটেই খেলার ক্ষমতা রয়েছে বলে মনে করেন বৈভব। পরিস্থিতি অনুযায়ী নিজের ব্যাটিংয়ের ধরন বদলাতে পারেন বলেও জানিয়েছেন তিনি।
তাঁর কথায়, ‘আইপিএলের পরে আমদাবাদে সাক্ষাৎকার দেওয়ার সময় বলেছিলাম, আমি তিন ধরনের ক্রিকেটই খেলতে পারি। পরিস্থিতি অনুযায়ী নিজের খেলা বদলাতে পারি। আমার সেই নিয়ন্ত্রণ রয়েছে। কিন্তু আগের দু’টি ম্যাচে একই ভাবে খেলার চেষ্টা করছিলাম। দীর্ঘ ইনিংস খেলার কথা ভাবছিলাম। এ দিনও প্রথমে সেই পরিকল্পনাই ছিল। কিন্তু উইকেট দেখে বুঝলাম, আক্রমণ করলে বল ব্যাটে আসবে। তাই নিজের শক্তির উপরেই ভরসা করেছি।’
যুবরাজের পরামর্শ, নিজের ভুল খুঁজে বের করা এবং পরিস্থিতি বুঝে খেলার সিদ্ধান্ত—এই তিনের মিশেলেই আসে ৫৩ বলে ২০৪ রানের অবিশ্বাস্য ইনিংস। ভারতীয় ক্রিকেটের নতুন বিস্ময় বৈভবের ব্যাটে যে আরও অনেক রেকর্ড ভাঙার অপেক্ষা, সেই ইঙ্গিতও দিয়ে রাখলেন তিনি।




