• facebook
  • twitter
  • youtube
Friday, 5 June, 2026

কেন ফের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার সেরা সুযোগ ব্রাজিলের?

২০২৬ বিশ্বকাপ জয়ের জন্য ব্রাজিলের সামনে তৈরি হয়েছে এক অনন্য সুযোগ। প্রত্যাশার চাপ তুলনামূলক কম, দলে প্রতিভার অভাব নেই।

আসন্ন বিশ্বকাপে অন্যতম ফেভারিট হিসেবে এবার স্পেন, ফ্রান্স বা ইংল্যান্ডের নামই বেশি শোনা যাচ্ছে। ঠিক এই কারণেই অনেক ফুটবল বিশ্লেষক মনে করছেন, ২০২৬ বিশ্বকাপ জয়ের জন্য ব্রাজিলের সামনে তৈরি হয়েছে এক অনন্য সুযোগ। প্রত্যাশার চাপ তুলনামূলক কম,  অথচ দলে প্রতিভার অভাব নেই। ফলে ‘আন্ডারডগ’ হিসেবেই টুর্নামেন্টে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

গত ২৪ বছর ধরে বিশ্বকাপ জিততে পারেনি ব্রাজিল। ২০০২ সালে জাপান-কোরিয়া বিশ্বকাপে রোনাল্ডো, রিভালদো ও রোনাল্ডিনহোদের হাত ধরে শেষবার ট্রফি উঠেছিল সেলিসাওদের হাতে। তার পর একাধিকবার শক্তিশালী দল নিয়েও ব্যর্থ হতে হয়েছে। তবে এবার পরিস্থিতি অন্য রকমের।

সবচেয়ে বড় পরিবর্তন কোচের আসনে। বিশ্বের অন্যতম সফল কোচ কার্লো অ্যানসেলোত্তি দায়িত্ব নেওয়ার পর ব্রাজিল শিবিরে নতুন আত্মবিশ্বাসের সঞ্চার হয়েছে। ক্লাব ফুটবলে অসংখ্য ট্রফি জেতা এই ইতালীয় কোচের অভিজ্ঞতা বিশ্বকাপের মঞ্চে বড় পার্থক্য গড়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে।

দলের মূল শক্তি আক্রমণভাগ। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এনড্রিক-দের মতো প্রতিভাবান ফুটবলারদের নিয়ে গড়ে উঠেছে এক বিস্ফোরক আক্রমণ বিভাগ। ইউরোপের শীর্ষ ক্লাবগুলিতে খেলার অভিজ্ঞতা তাঁদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে।

অন্যদিকে, রয়েছেন অভিজ্ঞতার ভাণ্ডার কাসেমিরো। সম্প্রতি তিনি নিজেও বলেছেন, ব্রাজিলকে এবার ফেভারিটদের তালিকায় রাখা হচ্ছে না, আর সেটাই দলের জন্য ইতিবাচক হতে পারে। তাঁর মতে, কম প্রত্যাশা দলকে আরও ক্ষুধার্ত ও মনোযোগী করে তুলবে।

তবে উদ্বেগও কম নেই। দলের সবচেয়ে বড় তারকা নেইমার চোটের সঙ্গে লড়াই করছেন। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর তাঁকে আবার দলে ফিরিয়েছেন আনসেলোত্তি। কিন্তু সাম্প্রতিক পায়ের পেশীতে চোট তাঁর ফিটনেস নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। বিশ্বকাপে তিনি কতটা প্রভাব ফেলতে পারবেন, সেটাই এখন বড় আলোচনার বিষয়।

রক্ষণভাগেও কিছু দুর্বলতা রয়েছে। একাধিক গুরুত্বপূর্ণ ফুটবলারের চোট, ফুল-ব্যাক পজিশনে অভিজ্ঞ খেলোয়াড়দের উপর নির্ভরতা এবং গোলকিপারদের ফর্ম নিয়ে প্রশ্ন থাকলেও সামগ্রিকভাবে ব্রাজিলের দল এখনও যথেষ্ট শক্তিশালী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সব মিলিয়ে ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলকে ঘিরে পরিস্থিতি বেশ অদ্ভুত। তারা হয়তো টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত দল নয়, বুকমেকারদেরও প্রথম পছন্দ নয়। কিন্তু ঠিক এই অবস্থান থেকেই ইতিহাস গড়ার সুযোগ দেখছেন অনেকেই। প্রত্যাশার চাপ কম, কোচ বিশ্বমানের, দলে রয়েছে তরুণ ও অভিজ্ঞ ফুটবলারের সুষম মিশ্রণ রয়েছে দলে। তাই ২০২৬ বিশ্বকাপ ব্রাজিলের কাছে স্মরণীয় হয়ে উঠতে পারে।