জল্পনার অবসান। ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপই ভারতের হয়ে তাঁর শেষ বিশ্বকাপ—নিজেই জানিয়ে দিয়েছেন বিরাট কোহলি। শুধু অংশ নেওয়া নয়, শেষ বিশ্বকাপকে স্মরণীয়ও করে রাখতে চান ট্রফি জিতে। ৩৭ বছরের তারকা ব্যাটারের কথায়, বিশ্বকাপ জেতাই এখন তাঁর সবচেয়ে বড় প্রেরণা।
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং নামিবিয়ায় আগামী বছর অক্টোবর-নভেম্বরে বসবে ৫০ ওভারের বিশ্বকাপের আসর। সেটিই হতে চলেছে বিরাটের পঞ্চম এক দিনের বিশ্বকাপ। ২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। ২০২৩ সালে দেশের মাটিতে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল। এ বার শেষ সুযোগে সেই আক্ষেপ মুছে ফেলতে চান বিরাট।
জিওস্টারকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন ভারত অধিনায়ক বলেছেন, ‘ভারতের হয়ে আমি যে শেষ বিশ্বকাপ খেলতে চলেছি, সেটাই আমার প্রেরণা। আমি নিজের সবটা উজাড় করে দিতে চাই। আর লক্ষ্য একটাই—বিশ্বকাপ জেতা। সেটা করতে যা যা প্রয়োজন, আমি তার জন্য সম্পূর্ণ প্রস্তুত’।
ইতিমধ্যেই টি-টোয়েন্টি আন্তর্জাতিক এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট। ফলে এখন ভারতীয় দলের হয়ে তাঁর আন্তর্জাতিক ক্রিকেট বলতে একমাত্র ৫০ ওভারের ফরম্যাট। এক দিনের ক্রিকেটে ৫৪টি শতরান নিয়ে তিনিই ভারতের সর্বোচ্চ শতরানকারী। তাঁর ওডিআই রান ১৪,৯৪১—ভারতের হয়ে এই তালিকায় সচিন তেন্ডুলকরের ১৮,৪২৬ রানের পরেই রয়েছেন তিনি।
বিরাটের সঙ্গে ভারতীয় দলে এখনও রয়েছেন রোহিত শর্মাও। তিনিও এখন শুধু এক দিনের ক্রিকেট খেলছেন। ২০২৭ বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে দু’জনকেই ভারতীয় দলে রাখা হয়েছে। প্রথম ম্যাচ রবিবার তিরুবনন্তপুরমে।
রোহিতও জানিয়েছেন, বিশ্বকাপ নিয়ে তাঁর উৎসাহে কোনও ঘাটতি নেই। তাঁর কথায়, ‘আমার যে কাজ ছিল, সেটা শেষ হয়ে গিয়েছে—এমন ভাবনা কখনও মাথায় আসবে না। যত দিন খেলছি, তত দিন সামনে সব সময়ই কিছু না কিছু পাওয়ার থাকে। আমি বিশ্বকাপের দিকে তাকিয়ে আছি’।
নজরে কোহলির ধারাবাহিক ফর্ম
বিরাট কোহলি ওয়ান ডে ক্রিকেটে ১৫,০০০ রানের মাইলফলক থেকে আর মাত্র ৫৯ রান দূরে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁর গড় ৬৬.৫০। ফলে তিরুবনন্তপুরমেই ইতিহাস তৈরি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
ওয়ান ডে ক্রিকেটই কোহলির প্রিয় ফরম্যাট। কারণ, এই ফরম্যাটে খুব বেশি ঝুঁকি না নিয়েও তিনি ধারাবাহিক ভাবে দ্রুত রান তুলতে পারেন। তবে ইদানীং তাঁর ব্যাটিংয়ে একটি উল্লেখযোগ্য পরিবর্তন চোখে পড়ছে। রান তোলার গতি বাড়ানোর চেষ্টা করছেন কোহলি। তাঁর চেনা শট—ড্রাইভ, ফ্লিক এবং পুল—আগের মতোই রয়েছে, তবে এখন সেই শটগুলিই অনেক সময় মাটির উপর দিয়ে না মেরে আকাশে তুলে খেলছেন।
২০২৬-এ এখন পর্যন্ত ছ’টি ম্যাচে কোহলির স্ট্রাইক রেট ১০৬.৬৬। এর আগে একমাত্র ২০১৮-তেই ওয়ান ডে ক্রিকেটে তাঁর স্ট্রাইক রেট ১০০-র বেশি ছিল। বার সেই জায়গায় ফিরে এসেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তিনি ভারতীয় ক্রিকেটপ্রেমীদের নজরে থাকবেন।




