• facebook
  • twitter
  • youtube
Sunday, 15 November, 2026

মায়ামি বিমানবন্দরে রানওয়েতে ২ বিমানের সংঘর্ষ, আহত ২

গত ৬ সেপ্টেম্বর সান জুয়ান থেকে আসা অ্যামাজনের একটি পণ্যবাহী বোয়িং ৭৬৭ রানওয়ে পেরিয়ে গিয়ে দুটি গাড়িতে সজোরে ধাক্কা মারে। দ্রুত তাতে আগুন ধরে যায়। সেই ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছিল। সেই সঙ্গে ৫ জন আহত হয়েছিলেন।

মায়ামি বিমানবন্দরে রানওয়েতে ২ বিমানের সংঘর্ষ, আহত ২

Photo: Statesman

আমেরিকার মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে চলাচলের সময়ে দুটি বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার রাতে পানামা থেকে আসা কোপা এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭ বিমানের ডানার এক প্রান্ত ধাক্কা মারে ইউপিএস-এর একটি পণ্যবাহী বোয়িং ৭৬৭ বিমানের সামনের অংশে। ঘটনায় ২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে কোপা এয়ারলাইন্স।

শনিবার রাত প্রায় ৯টা ১৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। কোপা এয়ারলাইন্সের বিমানটিতে ১৬৬ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য ছিলেন। সংঘর্ষের পর বিমানটিকে টার্মিনালে নিয়ে যাওয়া হয়। সমস্ত যাত্রীকে নিরাপদে নামানো হয়। আহত ২ জনকে বিমানবন্দরের চিকিৎসাকর্মীরা প্রাথমিক চিকিৎসা দেন। তাঁদের আঘাত গুরুতর নয় বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে। বাকি যাত্রী ও বিমানকর্মীরা সুস্থ রয়েছেন।

ঘটনার পর এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে পাইলটদের কথোপকথনের একটি অডিয়োও প্রকাশ্যে এসেছে। সেখানে কোপা এয়ারলাইন্সের পাইলটকে বলতে শোনা গেছে, ‘কেউ আমাদের ধাক্কা মেরেছে।’ জবাবে ইউপিএস বিমানের পাইলট জানান, তাঁদের বিমান নির্ধারিত জায়গার বাইরে চলে গিয়েছিল। সেই সময়ে কোপা বিমানের ডানা তাদের বিমানে ধাক্কা মারে। পরে কোপা বিমানের পাইলট জানান, তাঁদের বিমানের বাঁ দিকের ডানার প্রান্ত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হচ্ছে।

ঘটনার তদন্তে কর্তৃপক্ষকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছে বিমান সংস্থাটি। যাত্রী ও বিমানকর্মীদের নিরাপত্তাই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিবৃতিতে সেই কথাও পুনরায় উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২ মাসে মায়ামি বিমানবন্দরে এটি দ্বিতীয় বড় দুর্ঘটনা। গত ৬ সেপ্টেম্বর সান জুয়ান থেকে আসা অ্যামাজনের একটি পণ্যবাহী বোয়িং ৭৬৭ রানওয়ে পেরিয়ে গিয়ে দুটি গাড়িতে সজোরে ধাক্কা মারে। দ্রুত তাতে আগুন ধরে যায়। সেই ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছিল। সেই সঙ্গে ৫ জন আহত হয়েছিলেন।

এদিকে, শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে বড়সড় বিপর্যয়ের পর শনিবারও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ ব্যবস্থায় প্রযুক্তিগত ত্রুটির কারণে প্রায় ৫ ঘণ্টা দেশজুড়ে বিমান চলাচল বন্ধ রাখতে হয়েছিল। এর জেরে ২০ হাজারেরও বেশি বিমান পরিষেবা প্রভাবিত হয়েছে। সেই সঙ্গে লক্ষাধিক যাত্রী সমস্যায় পড়েছেন। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (FAA) অনুমান, রবিবার দিনের শেষে বিমান সংস্থাগুলির পরিষেবা স্বাভাবিক ছন্দে ফিরতে পারে।