• facebook
  • twitter
  • youtube
Monday, 26 October, 2026

কীর্তনের আসরে অনুষ্কার পাশে বসে চোখ বুজে ভক্তিরসে ডুব দিলেন বিরাট কোহলি! তারকা-দম্পতির ভিডিও ভাইরাল

বিরাট খেলা চালিয়ে গেলেও অভিনয় থেকে বেশ কিছু দিন দূরে রয়েছেন অনুষ্কা। ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন

কীর্তনের আসরে অনুষ্কার পাশে বসে চোখ বুজে ভক্তিরসে ডুব দিলেন বিরাট কোহলি! তারকা-দম্পতির ভিডিও ভাইরাল

Virat-Anushka Kirtan Concert Photo-SNS

ক্রিকেটের ব্যস্ততা, বলিউডের চাকচিক্য, তারকা-জীবনের ঝলমলে আলো—সব কিছু থেকে দূরে অন্য এক জগতে দেখা গেলো বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাকে। রবিবার মুম্বইয়ে আমেরিকান কীর্তনশিল্পী কৃষ্ণ দাসের অনুষ্ঠানে দেখা গেল তারকা দম্পতিকে। সেখানে অনুষ্কাকে দেখা গেল ভক্তিগানের তালে হাততালি দিতে, গলা মিলিয়ে ‘রাধে রাধে’ গাইতে। আর পাশে বসে চোখ বুজে কীর্তনের সুরে ডুবে থাকতে দেখা গেল।

অনুষ্ঠানে অনুষ্কার পরনে ছিল গাঢ় গোলাপি পোশাক। বিরাটের পরনে কালো টি-শার্ট ও সাদা কার্গো প্যান্ট। ক্যামেরার দিকে এক বার তাকালেও দ্রুত আবার কীর্তনের দিকে মন দেন তিনি। অনুষ্ঠানের একাধিক ছবি ও ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তাঁদের অনুরাগীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তা হলে কি ক্রিকেটের সঙ্গে আধ্যাত্মিকতার দিকেও ঝুঁকে পড়েছেন বিরাট?

### কী বলছেন মুগ্ধ অনুরাগীরা?

বিরাট-অনুষ্কার এই আধ্যাত্মিক মুহূর্ত দেখে উচ্ছ্বসিত তাঁদের অনুরাগীরাও। এক অনুরাগী সমাজমাধ্যমে লিখেছেন, ‘দু’জনের মুখেই যে তৃপ্তি দেখা যাচ্ছে, তা অসাধারণ! কী অপূর্ব এই আধ্যাত্মিকতা!’

আর এক বিরাট-ভক্তের মন্তব্য, ‘আমার প্রিয় ক্রিকেটার বিরাট কোহলিকে নিজের বিশ্বাসের সঙ্গে এ জড়িয়ে থাকতে দেখলে গর্ব হয়। অনুষ্কার মতো জীবনসঙ্গী পেয়ে বিরাট সত্যিই ভাগ্যবান। অনুষ্কা তাকে বিশ্বাসের পথে এগিয়ে যেতে সাহায্য করে।’

কীর্তনের অনুষ্ঠানে যাওয়ার আগে মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া এলাকাতেও দেখা গিয়েছিল বিরাট ও অনুষ্কাকে। অনুষ্ঠান শেষে কৃষ্ণ দাসের সঙ্গেও তাঁদের দেখা করার ভিডিও প্রকাশ্যে এসেছে।

 

### আধ্যাত্মিকতার টান নতুন নয়

বিরাট ও অনুষ্কার জীবনে আধ্যাত্মিকতার গুরুত্ব নতুন কিছু নয়। এর আগে একাধিক বার বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের আশ্রমে গিয়েছেন তাঁরা। নিম করোলি বাবার প্রতিও তাঁদের গভীর শ্রদ্ধা রয়েছে। চলতি বছরের জুলাই মাসেও প্রেমানন্দ মহারাজের কাছে গিয়েছিলেন এই দম্পতি। তার আগে ফেব্রুয়ারি এবং ২০২৫-এর ডিসেম্বরেও আশ্রমে দেখা গিয়েছিল তাঁদের।

২০২৬-এর জুলাইয়ে লন্ডনের ইউনিয়ন চ্যাপেলেও কৃষ্ণ দাসের কীর্তনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরাট ও অনুষ্কা। ফলে ভক্তিগানের প্রতি তাঁদের আকর্ষণ যে দীর্ঘ দিনের, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

### ‘আমাদের জীবনে আগে আধ্যাত্মিকতা, তার পরে পেশা’

চলতি বছরের মার্চে অনুপমা চোপড়ার সঙ্গে কথোপকথনে নিজের জীবনদর্শন নিয়ে মুখ খুলেছিলেন অনুষ্কা। অভিনেত্রী জানিয়েছিলেন, তারকা-জীবনের চেয়ে আধ্যাত্মিকতাকেই বেশি গুরুত্ব দেন তাঁরা।

অনুষ্কার কথায়, ‘আমরা দু’জনেই নিজেদের কাজের সঙ্গে খুব বেশি জড়িয়ে থাকতে চাই না। আমরা একে অপরকে দু’টি আলাদা মানুষ হিসাবেও দেখি না। আমরা যেন একই মানুষের নারী ও পুরুষ সংস্করণ। আমাদের যে খ্যাতি রয়েছে, তা নিয়েও আমরা দু’জনেই কিছুটা অস্বস্তিতে থাকি। তারকা হওয়া বা খ্যাতি উপভোগ করার বিষয়টি আমাদের মধ্যে নেই। কখনও কখনও আমরা সেই জগৎ থেকে দূরে পালিয়ে নিজেদের মতো থাকতে চাই। আমাদের জীবনে প্রথমে আধ্যাত্মিকতা, তার পরে আমাদের কাজ ও পেশা।’

২০১৭-য় বিয়ে করেছিলেন বিরাট ও অনুষ্কা। ২০২১ সালে তাঁদের কন্যা ভামিকার জন্ম হয়। ২০২৪-এ পরিবারে আসে পুত্র অকায়।

বিরাট খেলা চালিয়ে গেলেও অভিনয় থেকে বেশ কিছু দিন দূরে রয়েছেন অনুষ্কা। ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীর জীবন অবলম্বনে তৈরি তাঁর ছবি ‘চাকদা এক্সপ্রেস’-এর মুক্তির তারিখ এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি।

ক্রিকেট ও সিনেমার দুনিয়ায় নিজেদের পরিচিতি থাকলেও ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই পছন্দ করেন বিরাট ও অনুষ্কা। আর সেই ব্যক্তিগত জীবনেরই এক অন্য ছবি ধরা পড়ল কৃষ্ণ দাসের কীর্তনের আসরে।