বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হল। ভারতের এক প্রাক্তন ওপেনারের মতে, টেস্ট থেকে বিদায় নেওয়ার সময় কোহলির সঙ্গে যে ভাবে আচরণ করা হয়েছিল, তাতে তিনি হয়তো ক্ষুব্ধ হয়েই এই সিদ্ধান্ত নিয়েছিলেন। এবং এই বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির ভূমিকা। তবে কোহলির অবসরের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে চাননি এই প্রাক্তন ক্রিকেটার।
২০২৫-এর মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন কোহলি। তার আগে অস্ট্রেলিয়া সফরে ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। তার পরেই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ়ের প্রস্তুতির মধ্যে আচমকা অবসরের সিদ্ধান্ত নেন ভারতের প্রাক্তন অধিনায়ক। কোহলির সেই সিদ্ধান্তে অবাক হয়েছিলেন ক্রিকেটপ্রেমীদের একাংশ। তাঁদের প্রশ্ন ছিল, টেস্ট ক্রিকেটকে এত ভালবাসা একজন ক্রিকেটার কেন হঠাৎ অবসরের সিদ্ধান্ত নিলেন?
‘বিরাট ক্ষুব্ধ, বিরক্ত ছিল’
নিজের ইউটিউব চ্যানেলে কোহলির অবসর নিয়ে আলোচনা করতে গিয়ে প্রাক্তন ওপিনেং ব্যাটার ওয়াসিম জাফর অভিযোগ করেন, ‘আমার মনে হয়েছিল, ওর বিষয়টা যে ভাবে সামলানো হয়েছিল, তাতে বিরাট কিছুটা ক্ষুব্ধ ও বিরক্ত হয়ে ওঠে’।
জাফরের মতে, কোহলির মতো ক্রিকেটারের টেস্ট কেরিয়ার আরও দীর্ঘ হতে পারত। তিনি শুধু দলের অন্যতম সেরা ব্যাটার নন, তাঁর উপস্থিতি মাঠে দর্শক টেনে আনে। সেই কারণেও কোহলির মতো ক্রিকেটারের টেস্ট ক্রিকেট থেকে সরে যাওয়া ভারতীয় ক্রিকেটের বড় ক্ষতি বলে মনে করেন প্রাক্তন ওপেনার।
জাফরের কথায়, ‘বিরাটের মতো একজন ক্রিকেটার মাঠে দর্শক টেনে আনতে পারে। ওর সমর্থকের সংখ্যা বিপুল। আমার মনে হয়, ও আরও অনেক দিন টেস্ট ক্রিকেট খেলতে পারত। তবে বিরাট নিজে মুখ না খোলা পর্যন্ত আসলে কী ঘটেছিল, তা নিশ্চিত ভাবে জানা যাবে না’।
কাঠগড়ায় আগরকরের নির্বাচক কমিটি!
কোহলির অবসর নিয়ে প্রশ্ন উঠলেও আগরকর সরাসরি তাঁর অবসরের কারণ ছিলেন, এমন কোনও নিশ্চিত তথ্য নেই। জাফরের বক্তব্য মূলত কোহলির সঙ্গে আচরণ এবং তাঁর বিদায়পর্ব কী ভাবে সামলানো হয়েছিল, সেই প্রসঙ্গে। ফলে নির্বাচক কমিটির ভূমিকা নিয়ে আলোচনা নতুন করে শুরু হয়েছে।
শুধু কোহলি নন, ভারতীয় দলের নির্বাচন নিয়েও আগরকরের কিছু সিদ্ধান্তের সমালোচনা করেছেন জাফর। তাঁর মতে, কয়েক জন ক্রিকেটারের ক্ষেত্রে সিদ্ধান্ত আরও ভাল ভাবে নেওয়া যেত। তবে সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলের সাফল্যের জন্য আগরকরের কৃতিত্বও স্বীকার করেছেন তিনি।
১২৩ টেস্টে শেষ কোহলির লাল বলের কেরিয়ার
টেস্ট ক্রিকেটে কোহলির পরিসংখ্যানই বলে দেয়, এই ফরম্যাটে তাঁর অবদান কতটা। ১২৩টি টেস্টে ৯২৩০ রান করেছেন তিনি। গড় ৪৬.৮৫। রয়েছে ৩০টি শতরান এবং ৩১টি অর্ধশতরান। অধিনায়ক হিসাবেও ভারতীয় টেস্ট দলকে একাধিক স্মরণীয় জয় এনে দিয়েছেন কোহলি।
তাই তাঁর অবসর নিয়ে প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়। তবে জাফরও স্পষ্ট জানিয়েছেন, কোহলি নিজে মুখ না খোলা পর্যন্ত তাঁর সিদ্ধান্তের পিছনে ঠিক কী কারণ ছিল, তা নিশ্চিত ভাবে বলা সম্ভব নয়।
কোহলির অবসর নিয়ে বিতর্কের কেন্দ্রে এখন একটি প্রশ্নই— টেস্ট ক্রিকেট থেকে বিদায় কি সম্পূর্ণ তাঁর নিজের সিদ্ধান্ত ছিল, নাকি সেই সময়কার পরিস্থিতি ও আচরণও তাঁকে প্রভাবিত করেছিল? উত্তর দিতে পারেন একমাত্র বিরাট নিজেই।




