অবশেষে শিকে ছিঁড়ল বৈভব সূর্যবংশীর ভাগ্যে। ভারতের সিনিয়র দলের হয়ে অভিষেকের সুযোগ পেয়ে গেলেন তিনি। শনিবার ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথম এগারোয় অবশেষে জায়গা পেলেন তিনি। ফর্মে না থাকা সঞ্জু স্যামসনের জায়গায় তাঁকে নেওয়া হল ভারতীয় দলে। তিনিই ভারতের সিনিয়র দলের হয়ে খেলা সবচেয়ে কমবয়সী ক্রিকেটার, যিনি ১৫ বছর ৯৯ দিন বয়সে ভারতীয় দলের জার্সি গায়ে মাঠে নামলেও ব্যাট হাতে নিজের ঝলক দেখাতে পারলেন না। প্রথম ম্যাচে মাত্র ১৪ রানে আউট হয়েছেন বৈভব। নিজের ইনিংসে মারেন দুটো ছয়।
শনিবার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত জানিয়ে ভারতীয় দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার বলেন, “আমরা আজও প্রথমে ব্যাট করব। দলে একটি পরিবর্তন রয়েছে। সঞ্জুর জায়গায় এসেছে বৈভব। গত কয়েক মাসে ও যেভাবে ব্যাটিং করেছে, তা সবাই দেখেছে। আমার মনে হয় না ওকে নিয়ে কোনো সংশয় আছে। আমার বিশ্বাস, দলে জায়গা পাওয়ার যোগ্যতা ওর পুরোপুরি আছে। ও এমন একজন ক্রিকেটার, যে চাপকে একেবারেই ভয় পায় না। ওর মানসিক দৃঢ়তা অসাধারণ। সামনে যে ধরনের চ্যালেঞ্জ আসতে চলেছে, সে সম্পর্কে ও সম্পূর্ণ ওয়াকিবহাল”।
ভারতীয় দলের চলতি আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে বৈভবকে দলের সঙ্গে নিয়ে যাওয়া হলেও টানা তিনটি ম্যাচে তাঁকে প্রথম দলে রাখা হয়নি। ফলে সমালোচনার ঝড় ওঠে। দেশের ও বিদেশের প্রাক্তন ক্রিকেটাররা ভারতীয় টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তের প্রবল সমালোচনাও করেন। শুক্রবার ভারতীয় দলের নেটে গৌতম গম্ভীরকেই বৈভবের বিরুদ্ধে বোলিং করতে দেখা যায়। ফলে তাঁর খেলার সম্ভাবনা নিয়ে জল্পনা আরও বাড়ে।
শনিবার শ্রেয়স টসের পর বলেন, “নেটে যেভাবে ও ব্যাট করে এবং বোলারদের ওপর চড়াও হয়, তাতেই বোঝা যায় ও কী ধরনের খেলোয়াড়। ভারতের ক্রিকেটে প্রতিটি ম্যাচেই কী ভয়ঙ্কর প্রতিযোগিতা, আর দেশ থেকে কী পরিমাণ প্রতিভা উঠে আসছে, সেটা দেখলে সত্যিই ভালো লাগে। এতে আমরাও সবসময় সতর্ক থাকি”।
টসের ভারতীয় দলের যে তালিকা দেওয়া হয়, তাতে বৈভবের নাম ছিল এক নম্বরে। অর্থাৎ, তিনিই অবিষেক শর্মার সঙ্গে ওপেন করবেন। এছাড়াও দলে রয়েছেন, ইশান কিষাণ, শ্রেয়স, তিলক ভার্মা, হর্ষিত রাণা, শিবম দুবে, অক্ষর পটেল, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং ও বরুণ চক্রবর্তী।




