• facebook
  • twitter
Monday, 1 June, 2026

ভারতীয় ফুটবলে অনিশ্চয়তা, নতুন মরশুমের আগে চিন্তায় ক্লাবগুলি

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এখনও সুপার কাপ কিংবা আইএসএলের সূচি ও কাঠামো নিয়ে কোনও স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা হয়নি

প্রতীকী চিত্র

রবিবারই আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে চলতি ফুটবল মরসুম। আজ থেকে নতুন মরসুম শুরু হলেও চরম অনিশ্চয়তায় দেশের ক্লাবগুলি। কারণ, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এখনও সুপার কাপ কিংবা আইএসএলের সূচি ও কাঠামো নিয়ে কোনও স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা হয়নি। ফলে, নতুন মরসুমের জন্য কোচ ও ফুটবলার সই করাতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে ক্লাবগুলিকে।

ক্লাবগুলিকে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে বিদেশি কোচ ও ফুটবলার নিয়োগের ক্ষেত্রে। নতুন মরসুমে কতগুলি ম্যাচ হবে, কোন প্রতিযোগিতা কত দিন চলবে এসব প্রশ্নের আপাতত কোনও উত্তর নেই ক্লাবগুলির কাছে। ফলে, ফুটবলার বা কোচেদের সঙ্গে কথাবার্তা এগালেও নতুন মরসুমের স্পষ্ট কোনও পরিকল্পনা জানাতে পারছে না ক্লাবগুলি। সেজন্য, আলোচনাও বারবার থমকে যাচ্ছে।

Advertisement

এই প্রসঙ্গে বলা যায়, মোহনবাগান সুপার জায়ান্ট ইতিমধ্যেই নতুন কোচ এবং কয়েকজন বিদেশি ফুটবলারের সঙ্গে প্রাথমিক কথাবার্তা বলেছে। তবে, অধিকাংশ বিদেশি কোচই ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আসলে, ভারতের সম্ভাব্য সংক্ষিপ্ত লিগ কাঠামো নিয়েও তাদের মধ্যে অনীহা রয়েছে। অন্যদিকে, ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোর কাছেও বিদেশের একাধিক ক্লাবের প্রস্তাব রয়েছে।

Advertisement

ভারতীয় ফুটবল নিয়ে স্পষ্ট কোনও দিশা না থাকায় লাল-হলুদের লগ্নিকারী সংস্থা নতুন মরসুমের দলগঠন নিয়ে আপাতত কিছুটা ধীরে চলো নীতি নিয়েছে। এই পরিস্থিতিতে ইন্দোনেশিয়ার একটি ক্লাবের সঙ্গে ইস্টবেঙ্গলের কোচের কথাবার্তা অনেকদূর এগিয়েছে। এদিকে জানা গিয়েছে, সবুজ-মেরুন ব্রিগেড ইতিমধ্যেই ২৬ বছর বয়সি এক সার্বিয়ান মিডফিল্ডার এবং এক স্প্যানিশ স্ট্রাইকারের সঙ্গে আলোচনা চালাচ্ছে। কিন্তু, চুক্তি চূড়ান্ত করার আগে তাঁদের এজেন্টরা ক্লাব ম্যানেজমেন্টের কাছে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে স্পষ্ট ধারণা চেয়েছেন।

Advertisement