• facebook
  • twitter
  • youtube
Thursday, 4 June, 2026

তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে বিশ্বকাপ দল ঘোষণা তুরস্কের

সদ্য সমাপ্ত মরসুমে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন আর্দা গুলার

দীর্ঘ ২৪ বছর পর বিশ্বকাপের মঞ্চে প্রত্যাবর্তন ঘটিয়েছে তুরস্ক। সেই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে মরিয়া তারা। আর সেই লক্ষ্যেই বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ ভিনচেনজো মন্তেল্লা। প্রত্যাশামতোই ঘোষিত এই দলে জায়গা পেয়েছেন ইউরোপীয় ফুটবলের দুই উদীয়মান তারকা আর্দা গুলার এবং কেনান ইলদিজ। পাশাপাশি দলে রাখা হয়েছে অভিজ্ঞ মিডফিল্ডার তথা অধিনায়ক হাকান চালহানোলুকেও।

সদ্য সমাপ্ত মরসুমে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন আর্দা গুলার। মাদ্রিদের এই দলটিকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এবারের চ্যাম্পিয়ন্স লিগে দুটি গোল ও চারটি অ্যাসিস্ট করেছেন তিনি। দুরন্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ‘চ্যাম্পিয়ন্স লিগ রেভেলেশন অব দ্য সিজন’ পুরস্কার জিতেছেন ২১ বছর বয়সি তুরস্কের এই অ্যাটাকিং মিডফিল্ডার।

অন্যদিকে, জুভেন্টাসের হয়ে পুরো মরসুম জুড়েই ভালো খেলেছেন কেনান ইলদিজ। সব টুর্নামেন্ট মিলিয়ে ৪৭ ম্যাচে ১১ গোল করেছেন তিনি, যার মধ্যে দশটি গোল এসেছে সেরি এ-তে। ২১ বছর বয়সী এই তারকা তুরস্কের আক্রমণভাগের অন্যতম ভরসা।

এই প্রসঙ্গে বলা যায়, আগামী ১১ জুন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় যৌথভাবে শুরু হতে চলেছে বিশ্বকাপ। বিশ্বকাপে গ্রুপ-‘ডি’তে রয়েছে তুরস্ক। আগামী ১৪ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবেন আর্দা গুলার’রা। এরপর ২০ জুন প্যারাগুয়ে এবং ২৬ জুন আয়োজক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে তারা।