ক্রিকেট নয়, এ বার হকিতে ভারত-পাকিস্তান দ্বৈরথ। আর সেই ম্যাচ ঘিরে উন্মাদনার আঁচ এমনই যে ম্যাচের সব টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। বুধবার আমস্টেলভিনের ১০ হাজার দর্শকাসনের ওয়াগেনার স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। হকি বিশ্বকাপের পুল ডি-র এই ম্যাচের জন্য তাই কানায় কানায় পূর্ণ থাকবে গ্যালারি।
নেদারল্যান্ডসে বসবাসকারী ভারতীয় এবং পাকিস্তানি সম্প্রদায়ের কাছে এই ম্যাচ যে খুবই আকর্ষণীয়, তা টিকিট বিক্রির ছবিতেই পরিষ্কার। আয়োজকদের তরফে জানানো হয়েছে, গত বছর সেপ্টেম্বর থেকেই ধাপে ধাপে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছিল। প্রথম দফার পর দ্বিতীয় দফায় মার্চে টিকিট ছাড়া হয়। শেষ পর্যন্ত ম্যাচের সব টিকিটই বিক্রি হয়ে গিয়েছে।
রয়্যাল ডাচ হকি অ্যাসোসিয়েশনের আধিকারিক তামারা বাউম্যান্স জানিয়েছেন, ম্যাচের টিকিটের দাম শুরু হয়েছিল ৩৫ ইউরো থেকে। মেন স্ট্যান্ডে এই ম্যাচের টিকিটের দাম ৫৭ ইউরো। আর হসপিটালিটি টিকিটের দাম ২৫১.৩৪ ইউরো।
ভারতীয় বংশোদ্ভূত দর্শকদের কাছেও ম্যাচটি বিশেষ আবেগের। নেদারল্যান্ডসে আট বছর ধরে বসবাসকারী অঞ্জনা পাব্বি যেমন বলেছেন, ‘পরিবারের সঙ্গে ভারত-পাকিস্তান ম্যাচটি দেখতে চেয়েছিলাম। কিন্তু এখন আর টিকিট পাওয়া যাচ্ছে না। এখানে এই প্রথম ভারতীয় দল বিশ্বকাপ খেলছে। তাই আমরা খুবই রোমাঞ্চিত ছিলাম’। শেষ পর্যন্ত টিভিতেই ম্যাচ দেখতে হবে তাঁকে। সেখান থেকেই হরমনপ্রীত সিং-দের জন্য গলা ফাটাবেন তিনি।
এ বারের বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের গুরুত্বও কম নয়। ১৬ বছর পর বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে দুই দল। শেষ বার ২০১০-এর দিল্লি বিশ্বকাপে দেখা হয়েছিল তাদের। সেই ম্যাচে ভারত ৪-১ গোলে পাকিস্তানকে হারিয়েছিল। বিশ্বকাপে এখনও পর্যন্ত পাঁচ বার মুখোমুখি হয়েছে দুই দল—ভারত জিতেছে তিন বার, পাকিস্তান দু’বার।
আর এ বার পরিস্থিতি আরও টানটান। ভারত ইংল্যান্ডের কাছে ২-৪ হেরে গেলেও ওয়েলসকে ৩-১ গোলে হারিয়েছে। অন্য দিকে, পাকিস্তান প্রথম ম্যাচেই ইংল্যান্ডের কাছে ১-৪ ব্যবধানে হেরেছে। ফলে পরের পর্বে ওঠার লড়াইয়ে বুধবারের ম্যাচটি দুই দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তবে পরিসংখ্যান বা সাম্প্রতিক ফল নয়, ভারত-পাকিস্তান ম্যাচে অনেক সময় আবেগই বড় হয়ে ওঠে। পাকিস্তানের অধিনায়ক আবু বকর মাহমুদ ইতিমধ্যেই বলে দিয়েছেন, ‘র্যাঙ্কিংয়ের কোনও গুরুত্ব নেই’। তাঁর মতে, এই ম্যাচে অতীতের ফলাফলও মাথায় রাখলে চলবে না— মাঠের পারফরম্যান্সই শেষ কথা বলবে।
অন্য দিকে, প্রাক্তন ভারতীয় অধিনায়ক পিআর শ্রীজেশের মতে, ‘অতীতের মতো ভারত-পাকিস্তান ম্যাচ এখন আর সমান কঠিন নয়। ফিটনেস, শক্তি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার দিক থেকে ভারত অনেকটাই এগিয়ে’।
সব মিলিয়ে বুধবারের ম্যাচ শুধু বিশ্বকাপের আর পাঁচটা পুল ম্যাচ নয়। ১৬ বছর পর বিশ্বকাপের মঞ্চে ভারত-পাকিস্তান। তার উপর ১০ হাজার আসনের স্টেডিয়াম পুরোপুরি ভর্তি। আমস্টেলভিনে তাই হকি নয়, দুই দেশের পুরনো প্রতিদ্বন্দ্বিতার উত্তাপও ছড়াবে গ্যালারি জুড়ে।
বুধবার ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৬.৩০-এ শুরু হবে ভারত-পাকিস্তান ম্যাচ। স্টার স্পোর্টস নেটওয়ার্কে এই ম্যাচ সরাসরি দেখা যাবে। জিও হটস্টার অ্যাপেও দেখা যাবে এই ম্যাচের লাইভ স্ট্রিমিং।
জিতল ভারতের মেয়েরা
দক্ষিণ আফ্রিকাকে ছগোল দিয়ে গ্রুপের শীর্ষে উঠে গেলো ভারতের মেয়েরা। গোল পার্থক্যের বিচারে তারা চীনাদের থেকেও এগিয়ে। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা একটির বেশি গোল শোধ করতে পারেনি। ভারতের সাক্ষী রানা, লালরেমসিয়ামি, দীপিকা, সুশীলা চানু, নবনিত কৌর ও শূনেলিতা টোপো গোল করেন।




