মেম্ফিস ডিপাইকে রেখেই আসন্ন বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করল নেদারল্যান্ডস। তবে তারকা এই স্ট্রাইকার বিশ্বকাপ দলে থাকলেও তাঁকে নিয়ে পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছেন না কোচ রোনাল্ড কোম্যান। বিশ্বকাপের আগে ডিপাইয়ের ফিটনেসই এখন নেদারল্যান্ডস শিবিরের সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
দীর্ঘদিন ধরেই চোট-আঘাত সমস্যায় ভুগছেন নেদারল্যান্ডের নির্ভরযোগ্য এই স্ট্রাইকার। যদিও, গত রবিবার চোট কাটিয়ে ক্লাব ফুটবলে করিন্থিয়ান্সের হয়ে মাঠে ফেরেন তিনি। মূলত, উরুর চোটের কারণে বেশ কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয়েছিল তাঁকে। তবে, মাঠে ফিরলেও ডিপাইয়ের ফিটনেস নিয়ে এখনও সংশয় রয়েছে। তা সত্ত্বেও কিছুটা ঝুঁকি নিয়েই বিশ্বকাপের ২৬ সদস্যের স্কোয়াডে তাঁকে রেখেছেন কোচ কোম্যান।
Advertisement
আসলে, নেদারল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা (৫৫) ডিপাইকে বাদ দেওয়ার ঝুঁকি নিতে পারেননি ডাচ কোচ। দল ঘোষণার পর কোম্যান জানান, ডিপাই যদি আরও আগে মাঠে ফিরতে পারত, তাহলে খুবই ভাল হত। এদিকে, ২৬ সদস্যের ঘোষিত এই স্কোয়াডে রয়েছেন ভার্জিল ভ্যান ডাইক, ফ্রেঙ্কি ডি ইয়ং, কোডি গাকপো ও রায়ান গ্রাভেনবার্খ। তবে চোটের জন্য বাদ পড়েছেন জাভি সিমন্স, স্টেফান ডি ভ্রাই ও ম্যাথাইজ ডি লিট। বিশ্বকাপের গ্রুপ এফ-এ নেদারল্যান্ডসের প্রথম ম্যাচ এশিয়ার অন্যতম শক্তি জাপানের বিরুদ্ধে। তাদের পরের দুই প্রতিপক্ষ সুইডেন ও টিউনেসিয়া।
Advertisement
এই প্রসঙ্গে বলা যায়, তিন বার বিশ্বকাপ ফাইনালে উঠলেও একবারও ট্রফি জেতা হয়নি নেদারল্যান্ডসের। ১৯৭৪, ১৯৭৮ এবং ২০১০ সালে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। তবে, এবার সেই অধরা খেতাব জয়ের স্বপ্ন দেখছেন কোচ কোম্যান। আর সেজন্য, মাঠের পারফরম্যান্সের ওপরেই পুরোপুরি ফোকাস করতে চাইছেন তাঁরা।
Advertisement



