• facebook
  • twitter
  • youtube
Saturday, 21 November, 2026

পোখরানে সফল পরীক্ষা আট কিলোমিটার পাল্লার ট্যাঙ্ক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের, সেনার হাতে এবার আদানির ‘বাঘীরা এটি১’

রাজস্থানের পোখরানে সেনা ও প্রতিরক্ষা মন্ত্রকের সামনে চারটি অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা। ইলেকট্রনিক জ্যামিং এড়িয়ে ৮ কিমি দূরে আঘাত হানতে সক্ষম ‘বাঘীরা এটি১’।

পোখরানে সফল পরীক্ষা আট কিলোমিটার পাল্লার ট্যাঙ্ক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের, সেনার হাতে এবার আদানির ‘বাঘীরা এটি১’

Adani Defence Bagheera AT1 anti-tank guided missile Pokhran test (SNS)

স্থলযুদ্ধে সাঁজোয়া বাহিনীর বিরুদ্ধে দূরপাল্লার ও দ্রুতগামী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার প্রশ্নে নতুন দেশীয় বিকল্পের পরীক্ষামূলক মহড়া দেখল ভারতীয় সেনা। শুক্রবার, ২০ নভেম্বর রাজস্থানের পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে (Pokhran Field Firing Ranges) গাড়িতে বসানো আধুনিক ট্যাঙ্ক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ‘বাঘীরা এটি১’-এর (Bagheera AT1) চারটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা হয়েছে। ভারতীয় স্থলসেনা, সামরিক বিষয়ক দপ্তর (Department of Military Affairs) এবং প্রতিরক্ষা মন্ত্রকের (MoD) শীর্ষ প্রতিনিধিদের উপস্থিতিতে এই মহড়া চালানো হয়।

বেসরকারি সংস্থা আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেসের তৈরি এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি ‘নো কস্ট নো কমিটমেন্ট’ (NCNC) পদ্ধতিতে প্রদর্শিত হয়েছে। প্রতিরক্ষা ক্রয় প্রক্রিয়ার পরিভাষায় এর অর্থ, এই পরীক্ষামূলক প্রদর্শনের সম্পূর্ণ খরচ বহন করেছে নির্মাতা সংস্থা এবং এখনই এই অস্ত্র কেনার বিষয়ে সেনা বা প্রতিরক্ষা মন্ত্রকের কোনও আইনি বাধ্যবাধকতা থাকছে না। তবে দীর্ঘ ১৮ মাসের গবেষণা ও ভারতের ভৌগোলিক ও আবহাওয়াগত পরিস্থিতির উপযোগী করে তৈরি এই ব্যবস্থার কার্যকারিতা এ দিন সরেজমিনে খতিয়ে দেখেন সামরিক কর্তারা।

ইলেকট্রনিক যুদ্ধ ও আধুনিক ট্যাঙ্ক-সুরক্ষা ভাঙার কৌশল

সাম্প্রতিক আন্তর্জাতিক সংঘাতগুলি দেখিয়ে দিয়েছে, আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোন এবং ইলেকট্রনিক যুদ্ধের (electronic warfare) দাপট বিপুল ভাবে বেড়েছে। পাশাপাশি, উন্নত মানের যুদ্ধট্যাঙ্কগুলিতে এখন ‘অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম’ বা এপিএস (APS) থাকে, যা ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রকে মাঝপথেই ধ্বংস করে দিতে পারে। পোখরানের পরীক্ষায় এই দু’টি সামরিক চ্যালেঞ্জের মোকাবিলা করার প্রযুক্তিই মূলত যাচাই করা হয়েছে।

প্রচলিত মাটিতে থাকা ট্যাঙ্ক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের (ATGM) পাল্লা সাধারণত চার কিলোমিটারের আশপাশে হয়ে থাকে। সেখানে ‘বাঘীরা এটি১’ আট কিলোমিটার দূর থেকেই সাঁজোয়া যান বা ট্যাঙ্কে নিখুঁত আঘাত হানতে সক্ষম এবং এর সামগ্রিক পরিকাঠামো ১০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানার উপযোগী করে তৈরি করা হয়েছে। রেডিও সিগন্যালের বদলে এই ক্ষেপণাস্ত্র ‘লেজার বিম-রাইডিং’ (laser beam-riding) পদ্ধতিতে লক্ষ্যবস্তুর দিকে ছুটে যায়, ফলে শত্রুপক্ষের ইলেকট্রনিক জ্যামিং (electronic jamming) এড়ানো অনেকটাই সহজ হয়।

পোখরানে এ দিন দিন ও রাতের পরিবেশে লক্ষ্যভেদের পাশাপাশি একটি সাঁজোয়া যানের আদলে তৈরি লক্ষ্যবস্তুর দিকে একই লেজ়ার রশ্মি ধরে পরপর দু’টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এই ‘ট্যান্ডেম ফায়ারিং’ (tandem firing) কৌশলে প্রথম ক্ষেপণাস্ত্রটি শত্রু-ট্যাঙ্কের সুরক্ষা বলয় বা এপিএস-কে নিষ্ক্রিয় করে এবং দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি সরাসরি ট্যাঙ্কের বর্ম ভেদ করে আঘাত হানে। এ ছাড়াও, দূরপাল্লায় আকাশপথে থাকা একটি লক্ষ্যবস্তুতেও এ দিন নিশানা ভেদ করে ক্ষেপণাস্ত্রটি।

চার চাকার সাঁজোয়া গাড়ির (4×4 high-mobility armoured vehicle) ওপর বসানো স্বয়ংক্রিয় লঞ্চারে এক সঙ্গে চারটি ক্ষেপণাস্ত্র ছোড়ার জন্য প্রস্তুত থাকে এবং গাড়ির ভেতরে আরও আটটি অতিরিক্ত ক্ষেপণাস্ত্র মজুত রাখা যায়। অর্থাৎ একটি গাড়ি থেকেই মোট ১২টি ক্ষেপণাস্ত্র ছোড়া সম্ভব। দিন ও রাতের জন্য সংযুক্ত টেলিভিশন ও থার্মাল-ইমেজিং সাইট এবং স্বয়ংক্রিয় ট্র্যাকিং ব্যবস্থা থাকায় সেনাকর্মীরা আড়াল থেকে হামলা চালিয়ে দ্রুত অবস্থান বদল বা ‘শুট অ্যান্ড মুভ’ (shoot and move) কৌশল প্রয়োগ করতে পারেন, যাতে পাল্টা হামলার ঝুঁকি কমে।

সেনার অস্ত্রভান্ডারের ঘাটতি

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ভারতীয় স্থলসেনার ট্যাঙ্ক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের ভান্ডারে আধুনিকীকরণের প্রয়োজনীয়তা দীর্ঘ দিনের এবং এই বিভাগে বেশ কিছু ঘাটতির কথা বার বার উঠে এসেছে। বর্তমানে ভারতীয় সেনার এই বিভাগের মূল ভরসা দ্বিতীয় প্রজন্মের ‘মিলান-২টি’ (Milan-2T) এবং ‘কনকার্স-এম’ (Konkurs-M) ক্ষেপণাস্ত্র। তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে বিদেশ থেকে ‘স্পাইক’ (Spike) ক্ষেপণাস্ত্র কেনা হয়েছে এবং আমেরিকার ‘জ্যাভলিন’ (Javelin) ক্ষেপণাস্ত্র সংগ্রহের প্রক্রিয়াও চলছে।

কাঁধে বয়ে নিয়ে যাওয়া (man-portable) এবং হেলিকপ্টার থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের পাশাপাশি দ্রুতগামী গাড়িতে বসানো দূরপাল্লার ট্যাঙ্ক-বিধ্বংসী ব্যবস্থার চাহিদা সীমান্তবর্তী মরু ও সমতল অঞ্চলে ক্রমশ বাড়ছে। দেশের মাটিতেই এমন পূর্ণাঙ্গ যুদ্ধ-ব্যবস্থার নকশা ও সংযোজন সফল হলে আগামী দিনে বিদেশের ওপর জরুরি আমদানির নির্ভরতা অনেকটাই কমানো সম্ভব হবে বলে মনে করছে প্রতিরক্ষা মহল।

প্রতিরক্ষা উৎপাদনে বেসরকারি ক্ষেত্র

দীর্ঘ সময় ধরে ভারতে ক্ষেপণাস্ত্র ও জটিল সমরাস্ত্র তৈরি মূলত রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির হাতেই সীমাবদ্ধ ছিল। সাম্প্রতিক বছরগুলিতে সেই ছবিতে বড় বদল আসছে। সরকারি পরিসংখ্যান বলছে, ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতে মোট প্রতিরক্ষা উৎপাদন (defence production) রেকর্ড ১ লক্ষ ৭৮ হাজার কোটি টাকায় পৌঁছেছে এবং প্রতিরক্ষা রপ্তানি (defence exports) ছুঁয়েছে ৩৮ হাজার ৪২৪ কোটি টাকার নজিরবিহীন অঙ্ক।

তাৎপর্যপূর্ণ ভাবে, দেশের মোট প্রতিরক্ষা উৎপাদনে বেসরকারি ক্ষেত্রের অংশীদারি আগের বছরের ২২ শতাংশ থেকে বেড়ে ২০২৫-২৬ অর্থবর্ষে ২৪ শতাংশে দাঁড়িয়েছে, অঙ্কের হিসাবে যা প্রায় ৪২ হাজার কোটি টাকা। শুধু খুচরো যন্ত্রাংশ সরবরাহ নয়, আদানির মতো বেসরকারি সংস্থাগুলি যে এখন পূর্ণাঙ্গ যুদ্ধ-ব্যবস্থা তৈরি করে সেনার মূল্যায়নের জন্য পেশ করার জায়গায় পৌঁছচ্ছে, পোখরানের এই পরীক্ষা তারই স্পষ্ট ইঙ্গিত। তবে আদানিদের ‘বাঘীরা এটি১’ চূড়ান্ত ভাবে ভারতীয় সেনার অস্ত্রভান্ডারে জায়গা করে নেবে কি না, তা নির্ভর করবে আগামী দিনের কঠোর সামরিক মূল্যায়ন এবং প্রতিরক্ষা মন্ত্রকের চূড়ান্ত ক্রয়-সিদ্ধান্তের ওপর।